ছবি: ইকোনমি মিডল ইস্ট
মধ্যপ্রাচ্যের আকাশে দেখা মিলেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। আর সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো—সৌদি আরবে আগামী ২৭ মে বুধবার উদ্যাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিন ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
রোববার সৌদি সরকার এ ঘোষণা দিলে বিশ্বজুড়ে মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়ে ঈদের আমেজ। সৌদি আরবের পাশাপাশি ওমানও একই দিনে ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ২৭ মে ঈদ পালনের সিদ্ধান্ত জানায়। তবে ব্রুনেইতে ঈদ উদ্যাপিত হবে একদিন পর, ২৮ মে বৃহস্পতিবার।
প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে। কোরবানির পশুর হাট, বাজার আর মসজিদগুলোতে এখন উৎসবের আবহ।
এদিকে বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়।
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বের মুসলিমদের মধ্যে শুরু হয়েছে আনন্দ, প্রস্তুতি আর ধর্মীয় আবেগের এক অনন্য আয়োজন।
সূত্র: Khaleej Times
