বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরি, কিন্তু জীবন রাজকীয়”—এক ড্রাইভারকে ঘিরে বিস্ফোরক অভিযোগে উত্তাল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এক ড্রাইভারকে ঘিরে ভয়াবহ অনিয়ম, প্রভাব বিস্তার, নিয়োগ-বদলি বাণিজ্য, নারী কেলেঙ্কারি এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ড্রাইভার শাখাওয়াত মল্লিকের বিরুদ্ধে উঠা অভিযোগ এখন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মুখে মুখে। অনেকেই বলছেন—তিনি শুধু ড্রাইভার নন, অদৃশ্য ক্ষমতার এক ভয়ঙ্কর কেন্দ্রবিন্দু।

অভিযোগ রয়েছে, সাধারণ পরিবার থেকে উঠে এসে চাকরিতে যোগদানের পর ধীরে ধীরে রহস্যজনকভাবে বিপুল প্রভাবের মালিক বনে যান শাখাওয়াত। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতা, তদবির ও নানা দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসছে নিয়োগ বাণিজ্য, বদলি তদবির ও মোটা অঙ্কের টাকার লেনদেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ফায়ার সার্ভিসের বিভিন্ন নিয়োগে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বদলির তালিকা নিয়ন্ত্রণ, কর্মকর্তাদের নাম ব্যবহার করে সুবিধা আদায় এবং “বিশেষ যোগাযোগ” দেখিয়ে গড়ে ওঠে এক অদৃশ্য বাণিজ্যচক্র। অভিযোগ রয়েছে, টাকা নিয়েও অনেকে চাকরি পাননি, উল্টো হয়েছেন প্রতারণার শিকার।

সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে তার সম্পদের উৎস নিয়ে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, রাজধানীতে একাধিক ফ্ল্যাট, নিজ এলাকায় রাজকীয় বাড়ি, দামি গাড়ি ও বিলাসী জীবনযাপন এখন শাখাওয়াতের পরিচয়ের অংশ।

অথচ একজন সরকারি ড্রাইভারের বেতনের সঙ্গে এসব সম্পদের কোনো বাস্তব সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না সংশ্লিষ্টরা।

অভিযোগের তালিকায় রয়েছে নারী সংশ্লিষ্ট নানা বিতর্কও।
বিভিন্ন অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত, একাধিক বিয়ে এবং ব্যক্তিগত সম্পর্ক ঘিরে নানা আলোচনা দীর্ঘদিন ধরেই ভাসছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে। পারিবারিক সূত্র ও সাবেক স্ত্রীর পক্ষ থেকেও একাধিক অভিযোগ উঠেছে বলে জানা গেছে। এমনকি এসব ঘটনা ঘিরে মামলা ও সাধারণ ডায়েরির তথ্যও রয়েছে বলে দাবি অভিযোগকারীদের।

ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, অতীতেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। কিন্তু রহস্যজনক কারণে প্রতিবারই অভিযোগ ধামাচাপা পড়ে যায়। বরং যারা মুখ খুলেছেন, তাদের ভয়ভীতি দেখানো, বদলির হুমকি দেওয়া কিংবা নানা চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট মহলের প্রশ্ন—একজন ড্রাইভার কীভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন? কার ছত্রছায়ায় বছরের পর বছর ধরে চলেছে এই কথিত সাম্রাজ্য? কেন তদন্তের আগেই চাপা পড়ে যায় অভিযোগ?

প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় এখন নিরপেক্ষ তদন্তের জোর দাবি উঠেছে। অভিযোগকারীরা বলছেন, শুধু সম্পদের উৎস নয়, নিয়োগ-বদলি বাণিজ্য, প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ এবং অভিযোগকৃত অনৈতিক কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ অনুসন্ধান হওয়া জরুরি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শাখাওয়াত মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

পরবর্তী পর্বে থাকছে, দেশের বাড়িতে রাজকীয় অট্টালিকা, রাজধানীতে ৪ ফ্ল্যাট, বিলাসী জীবন আর অশ্লীল কর্মকাণ্ডের বিস্ফোরক তথ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আইন-আদালত সর্বশেষ