বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহাপরিচালকের‘বিশেষ বলয়ে’ রেজায়ে রাব্বী— কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও ‘ক্যাশিয়ার’ বিতর্কে তোলপাড় ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজায়ে রাব্বীকে ঘিরে একের পর এক অভিযোগ, বিতর্ক ও প্রশাসনিক তৎপরতায় নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারি কোয়ার্টার ভাড়া দেওয়া, প্রভাব খাটিয়ে পদায়ন বাণিজ্য, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আন্দোলনকালীন বিতর্কিত ভূমিকা নিয়ে তার বিরুদ্ধে উঠেছে গুরুতর নানা অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিএন-১০০৩১৮ নম্বরধারী রেজায়ে রাব্বী দীর্ঘদিন ঢাকা অঞ্চলে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ৩০ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন লাইসেন্সিং এলাকায় দায়িত্ব পালনকালে তাকে ঘিরে নানা অনিয়ম ও প্রশাসনিক বিতর্ক সামনে আসতে শুরু করে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে একাধিকবার সুবিধাজনক পদায়ন ও বদলি বাগিয়ে নেন তিনি। স্থানীয় ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন প্রশাসনিক সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ সংশ্লিষ্টদের। আচরণগত কারণে একাধিকবার বদলির আদেশ হলেও রহস্যজনকভাবে তা দীর্ঘস্থায়ী হয়নি বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ অনুযায়ী, দায়িত্বস্থলে অনুপস্থিত থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেন। পরবর্তীতে এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং রংপুরে পদায়ন দেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

সবচেয়ে বেশি আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি কোয়ার্টার বাণিজ্য। অভিযোগ আছে, নিজের নামে বরাদ্দ নেওয়া সরকারি বাসা নিজে ব্যবহার না করে তিনি ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন। এমনকি চাকরিচ্যুত এক ফায়ার ফাইটার হান্নানের কাছেও সেই কোয়ার্টার ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ফায়ার সার্ভিসের অভ্যন্তরে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

এদিকে সম্প্রতি মহাপরিচালক জায়েদ কামালের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে ফায়ার সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ স্থানে আবারও পদায়ন বাগিয়ে নিয়েছেন রেজায়ে রাব্বী—এমন অভিযোগও উঠেছে। এতে অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনের পর কিছুদিন আত্মগোপনে থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে অভিযোগের বিষয়ে রেজায়ে রাব্বী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আইন-আদালত সর্বশেষ