যুক্তরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
যুক্তরাজ্যের নৌবাহিনী বৃহস্পতিবার (৪ জুন) নিশ্চিত করেছে যে, একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দেশটির সক্রিয় দায়িত্বে থাকা একমাত্র নারী কমান্ডো লিলি-মে ফিশার।
নৌবাহিনীর তথ্যমতে, লিলি মে ফিশার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন একটি মারলিন এমকে ৪ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান। যুক্তরাজ্যের নৌবাহিনী তাকে ‘দেশের একমাত্র সেবারত নারী রয়্যাল নেভি কমান্ডো’ হিসেবে উল্লেখ করেছে।
২০২২ সালে কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি গ্রিন বেরেটধারী কমান্ডো হিসেবে যোগ দেন। ওই প্রশিক্ষণের অংশ হিসেবে তাকে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ মার্চ সম্পন্ন করতে হয়েছিল।
বিবিসি জানিয়েছে, ২০০১ সাল থেকে এ পর্যন্ত কমান্ডো প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন সাতজন নারী, যাদের মধ্যে ফিশারও ছিলেন। তবে এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন মোট ১৭ জন নারী।
নৌবাহিনী জানায়, ফিশার তার শেষ ফ্লাইট প্রশিক্ষণ মূল্যায়নের সময় নিহত হন। চলতি মাসেই তার হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ্যতা অর্জনের কথা ছিল।
দুর্ঘটনায় তার সঙ্গে আরও দুজন রয়্যাল নেভি সদস্যও প্রাণ হারান।
ফিশারের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৪৫ হাজারের বেশি অনুসারী ছিল। সেখানে তিনি সামরিক বাহিনীতে নারীদের অভিজ্ঞতা, বিশেষ করে মাঠ পর্যায়ে ঋতুস্রাবকালীন চ্যালেঞ্জসহ নানা বিষয় নিয়ে কথা বলতেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনি অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা ছিলেন, বিশেষ করে তরুণ নারীদের স্বপ্ন পূরণে উৎসাহ দিয়েছেন।
