গরমের কারণে হাতে বহনযোগ্য ফ্যান ব্যবহার করছেন বাসিন্দারা। বুধবার যুক্তরাজ্যের ইয়র্কে। ছবি: এএফপি
ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহ বিজ্ঞানীদের কিছু কিছু পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞ প্যানেলের প্রধান বুধবার এমন কথা বলেছেন। তিনি সতর্ক করে বলেন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহাদেশটি আরও চরম আবহাওয়ার মুখোমুখি হবে।
ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-এর চেয়ারম্যান জিম স্কেয়া বলেন, চলতি সপ্তাহে ইউরোপে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আইপিসিসির দীর্ঘদিনের পূর্বাভাসের একেবারে শেষ সীমায় আছে। বর্তমানে যে তাপমাত্রা অনুভূত হচ্ছে তা আগের পূর্বাভাসের গণ্ডি পার হয়ে গেছে।
তাপপ্রবাহের মধ্যেই নৌকা ভ্রমণে বেরিয়েছেন অনেকে। বুধবার ইংল্যান্ডের কেমব্রিজে। ছবি: এএফপি
বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, বুধবার ইউরোপের অন্তত ৯ কোটি ৪০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অনুভব করছেন। তাদের বেশিরভাগই ফ্রান্স ও স্পেনের বাসিন্দা। ফ্রান্সে মঙ্গলবার ছিল তাদের ইতিহাসের উষ্ণতম দিন। অন্যদিকে যুক্তরাজ্য থেকে শুরু করে হাঙ্গেরি পর্যন্ত ইউরোপের বেশ কয়েকটি দেশ তীব্র দাবদাহের সতর্কতা জারি করেছে।
জিম স্কেয়া বলেন, গত কয়েকদিনের মতো ভবিষ্যতেও ইউরোপের বাসিন্দাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশ্বের গড় তাপমাত্রা যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে বছরের সবচেয়ে গরম দিনটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি উত্তপ্ত হতে পারে।
