সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৫ বছরের অপেক্ষার অবসান: তিন সন্তানকে পাশে রেখেই গৌরীর হাত ধরলেন আমির খান, পূর্ণতা পেল এক অসমাপ্ত প্রেমের গল্প

বিনোদন ডেস্ক
জুলাই ৫, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের অনুষ্ঠান। ছবি: ইন্সটাগ্রাম

কখনও কখনও সময় ভালোবাসাকে হারিয়ে দেয় না, বরং আরও গভীর করে তোলে। দীর্ঘ ২৫ বছরের পরিচয়, বিচ্ছেদ, পুনর্মিলন—সবশেষে ভালোবাসা এসে দাঁড়াল জীবনের একই ঠিকানায়। বলিউড অভিনেতা আমির খান ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

শনিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে একান্ত পারিবারিক পরিবেশে, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নতুন জীবনের পথচলা শুরু করেন এই তারকা যুগল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী প্রয়োজনীয় নথিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে।

বিয়ের খবর প্রকাশের পর আমির খানের জনসংযোগ প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করে। ক্যাপশনে লেখা হয়—ভালোবাসা, হাসি আর স্মরণীয় মুহূর্তের উদযাপন। আমির খানের বিয়ের আয়োজনে ছিল উষ্ণতা, আনন্দ এবং এক অবিস্মরণীয় উৎসবের আবহ।

এই বিয়ের সবচেয়ে আবেগঘন দিক ছিল আমিরের জীবনের তিন সন্তান জুনায়েদ, ইরা ও আজাদ, বাবার নতুন অধ্যায়ের সাক্ষী হয়েছেন। অন্যদিকে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে উপস্থিত ছিল। দুই পরিবারের মিলনমেলায় দেশ-বিদেশ থেকে আসা আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে অতিথি ছিলেন প্রায় ১৫০ জন।

প্রেমের এই গল্পের শুরু আজকের নয়। প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে প্রথম পরিচয় হয়েছিল আমির ও গৌরীর। সময়ের স্রোতে একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু নিয়তি যেন তাঁদের জন্য অন্য গল্প লিখে রেখেছিল। ২০২৩ সালে আবার দেখা হয় দুজনের। সেই পুনর্মিলন ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে। প্রায় দুই বছরের ভালোবাসার পর চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা জানান আমির।

সেদিন আবেগঘন কণ্ঠে তিনি বলেছিলেন, গৌরী আর আমি ২৫ বছর আগে পরিচিত হয়েছিলাম। এখন আমরা একে অপরের জীবনসঙ্গী। আমাদের সম্পর্ক খুবই গভীর ও আন্তরিক।

মজার ছলে নিজের কালজয়ী চলচ্চিত্র লাগান-এর প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে। ভালোবাসার সেই মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে গৌরীর উদ্দেশে গেয়ে শোনান “কভি কভি মেরে দিল মে” গানটিও।

বিয়ের আগে এক অনুষ্ঠানে আমির বলেছিলেন, ৫ জুলাই আমাদের জন্য খুব বিশেষ একটি দিন। তাই বাড়িতেই ছোট পরিসরে বিয়ের আয়োজন করেছি। দুই পরিবারের সদস্য আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। সবার দোয়া চাই, যেন আমাদের নতুন জীবন সুখের হয়।

গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা মূলত বেঙ্গালুরুতেই। তাঁর মা রিটা স্প্র্যাট শহরের পরিচিত এক সেলুন উদ্যোক্তা ছিলেন। ব্লু মাউন্টেন স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে উচ্চশিক্ষা নেন। এর আগে তাঁর একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারের এক ছেলে রয়েছে।

অন্যদিকে আমির খান এর আগে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথম স্ত্রী রিনা দত্তর ঘরে জন্ম নেয় জুনায়েদ ও ইরা। পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন; তাঁদের একমাত্র ছেলে আজাদ। বিচ্ছেদের পরও কিরণের সঙ্গে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ৬০ বছর বয়সে এসে ভাবিনি আবার এমন একজনকে খুঁজে পাব, যিনি আমার জীবনের সঙ্গী হতে পারেন। গৌরী আমার জীবনে শান্তি ও স্থিরতা এনে দিয়েছে। রিনা, কিরণ এবং এখন গৌরী—এই তিনজন মানুষ আমার জীবনকে গভীরভাবে সমৃদ্ধ করেছেন।

সূত্র: এনডিটিভি

পাঠক অনুভূতি প্রকাশে ক্ষুদ্র প্রয়াস: সমতল মাতৃভূমি

সব প্রেম একই সময়ে পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা বছরের পর বছর নীরবে অপেক্ষা করে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপর একদিন একই মেরুতে এসে মিলিত হয়। আমির ও গৌরীর এই মিলন যেন সেই দীর্ঘদিন লালিত আবেগেরই পরিণতি—যেখানে নিয়তি, সময় এবং বিশ্বাস একসঙ্গে হাত মিলিয়েছে।

সৃষ্টিকর্তা যেন একান্ত আপন হাতে এই গল্পের শেষ অধ্যায় লিখেছেন। তাই এই প্রেম শুধু দুই মানুষের নয়; এটি অপেক্ষার জয়, বিশ্বাসের জয় এবং ভালোবাসার জয়। পৃথিবীর অগণিত প্রেমিক-প্রেমিকার হৃদয়ে হয়তো এই গল্প নতুন করে বিশ্বাস জাগাবে—সত্যিকারের ভালোবাসা কখনও হারিয়ে যায় না, সময়মতো ঠিকই নিজের ঠিকানা খুঁজে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।