রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে খুনিরা, আইফোন ছিনিয়ে নিতে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে হত্যা, তুহিনসহ গ্রেফতার ৪

কুমিল্লা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বামে নিহত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম, ডানে অপ্রতিমের মা ড. নাহিদা বেগম ও স্বজনদের আহাজারি এবং উপরে খুনিরা। ছবি: সংগৃহীত

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ারের ১৩ বছর বয়সি একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে। মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরদিনই নিহতের মায়ের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা।

ঘটনার মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম তুহিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তুহিনের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয়েছে নিহত অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারের তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান।

পুলিশ জানায়, হত্যাকাণ্ড সংঘটিত করার পরও ঘাতকেরা ছিল অত্যন্ত নির্ভার। শনিবার সকাল ৮টার দিকে সাইফুল ইসলাম তুহিন, আনাস ও ফাহিমসহ কয়েকজন অপ্রতিমের বাসায় গিয়ে তার মা ড. নাহিদা বেগমের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেয়। পরে সেখান থেকে ফিরে তুহিন নিজ বাসায় স্বাভাবিক সময় কাটাতে থাকে।

তবে হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তুহিনের গতিবিধি পুলিশের নজরে আসে। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদের পর আইনশৃঙ্খলা বাহিনী প্রযুক্তির সহায়তায় ঢাকা ও কুমিল্লা থেকে অন্য আসামিদের গ্রেফতার করে।

পুলিশের দাবি, তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতেই নিহত অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজন হলো—কুমিল্লা সিটির ২৪ নম্বর ওয়ার্ডের সানন্দা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম তুহিন (১৯), ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), কোতোয়ালি থানার হাতিগাড়া এলাকার মো. কামরুল হাসান এবং আফজাল খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. সিয়াম (১৯)।

নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। অপ্রতিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, জিডির ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ডিবির টানা জিজ্ঞাসাবাদের মাধ্যমে চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।