মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিরে আসার গল্পে ফিরেও ফেরা হলো না সুমাইয়া শিমুর

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

চোখের ভাইরাস সংক্রমণে ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী, রুকাইয়া চরিত্রে দীপা খন্দকার ও সুমাইয়া শিমু। ছবি: কোলাজ

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন তিনি। কিন্তু শুটিং শুরুর পর হঠাৎই বদলে গেল পরিস্থিতি। জানা গেল, ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে আর থাকছেন না সুমাইয়া শিমু। তার পরিবর্তে রুকাইয়া চরিত্রে অভিনয় করবেন দীপা খন্দকার।

‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল সুমাইয়া শিমুর। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার বিষয়টি নিয়ে শিমু নিজেও ছিলেন বেশ আনন্দিত। চরিত্রটি প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন তিনি। ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি ছিলেন। বিরতির পর ফেরার জন্য গল্প ও চরিত্রটিও তার কাছে উপযুক্ত মনে হয়েছিল।

তবে শেষ পর্যন্ত পর্দায় আর রুকাইয়া হয়ে ওঠা হলো না শিমুর।

সুমাইয়া শিমু জানান, চোখে ভাইরাস সংক্রমণের বিষয়টি তিনি টের পেয়েছিলেন। এরপরও সংবাদ সম্মেলনের পরদিন শুটিংয়ে অংশ নেন। কিন্তু সেদিন তার চোখ ফুলে যায় এবং ব্যথাও বেড়ে যায়। পরে চোখের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুটিং থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।

এদিকে ‘ফিরে আসার গল্প’-এর সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন দীপা খন্দকার। তার অভিনয় করার কথা ছিল মরিয়ম চরিত্রে। সম্প্রতি সেই চরিত্রে যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী। ফলে ধারাবাহিকটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রেই এসেছে পরিবর্তন।

অভিনয়শিল্পী পরিবর্তনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে সুমাইয়া শিমুর ফটোশুটের সব ছবি সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি নতুন করে মরিয়ম চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে রোজী সিদ্দিকীকে।

সুমাইয়া শিমু অভিনয় করতে না পারলেও ‘ফিরে আসার গল্প’ দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজুসহ অনেকে।

আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রচারিত হবে নাটকটি। বর্তমানে পুরোদমে চলছে এর শুটিং।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।