সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন যুদ্ধ নিয়ে জার্মানি-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আল-জাজিরা
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: চ্যাটজিপিটি দিয়ে তৈরি

ইউক্রেন যুদ্ধ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি নিয়ে আলোচনা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাকে শনিবার নিউইয়র্কে তাদের বৈঠক হয়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই প্রথম এ ধরনের বৈঠক।

বৈঠকে ওয়াডেফুল রাশিয়ার প্রতি জার্মানি, ইউরোপ ও ন্যাটোর সঙ্গে ‘উত্তেজনা বৃদ্ধির বিপজ্জনক পথ’ পরিহারের আহ্বান জানান। তবে লাভরভ তাঁর এই আহ্বান প্রত্যাখ্যান করেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, জার্মানির পক্ষ থেকেই বৈঠকের অনুরোধ করা হয়েছিল। বিশ্বনেতাদের উদ্দেশে লাভরভের ভাষণের আগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে লাভরভ বলেন, জার্মানি শুধু কিয়েভের ‘প্রধান পৃষ্ঠপোষক’ নয়, দেশটি ইউরোপের অন্যতম প্রধান সামরিক শক্তি হয়ে ওঠারও চেষ্টা করছে। তিনি প্রশ্ন করেন, বার্লিন কি বুঝতে পারছে এর পরিণতি কী হতে পারে? তারা কি… দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা থেকে কিছুই শেখেনি?

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বার্লিন ও মস্কোর কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে পড়েছে। গত মাসে পূর্ব জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন-সংক্রান্ত একটি ঘটনার পর সম্পর্ক আরও তিক্ত হয়। বার্লিন ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করলেও মস্কো এতে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং জার্মানির বিরুদ্ধে বানোয়াট প্রমাণ উপস্থাপনের অভিযোগ তুলেছে।

গত এক বছরে ইউরোপের বিভিন্ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছে ড্রোন অনুপ্রবেশের ঘটনার সঙ্গে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে জড়িয়েছে।

জাতিসংঘে ভাষণ দেওয়ার পর সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, জার্মান সমকক্ষের সঙ্গে আলোচনায় বার্লিনের আনুষ্ঠানিক বিবৃতিতে আগে প্রকাশ করা হয়নি—এমন নতুন কিছু তিনি শোনেননি। তিনি বলেন, আমি তাকে স্পষ্ট করেই বললাম… আপনি তো আমাকে ফোন করে বলতেই পারতেন: ‘আমার বিবৃতিটি পড়ে দেখুন’।

তবে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। রয়টার্সকে জার্মান প্রতিনিধি দলের একটি সূত্র জানায়, ওয়াডেফুল লাভরভকে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন।

জাহাজ ও বন্দর অবকাঠামোর ওপর হামলার কারণে রাশিয়া ও ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় শস্য ও জ্বালানি রপ্তানি ব্যাহত হয়েছে। তা পুনরায় সচল করার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

লাভরভ সংবাদ সম্মেলনে জানান, কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রস্তাব নিয়ে রাশিয়া ভারত, মিসর ও তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। জাহাজগুলোর ওপর হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে তিনি বলেন, ইউক্রেনীয়দের সঙ্গে আলাদা আলোচনার প্রয়োজন রয়েছে—তবে তা অনুরোধের ভাষায় নয়, বরং দাবির ভাষায় হতে হবে।

অন্যদিকে কিয়েভ জানিয়েছে, তারা চুক্তিতে সম্মত হতে প্রস্তুত এবং যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য রাশিয়া ও তাদের আগ্রাসনকেই দায়ী করেছে।

বৈঠকের পর ওয়াডেফুল তার ইউরোপীয় মিত্রদের এ বিষয়ে অবহিত করেন। রয়টার্সের দেখা একটি বার্তায় তিনি লেখেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করার এবং অবিলম্বে ও পুরোপুরি যুদ্ধবিরতির আহ্বান জানানোর সুযোগটি আমি কাজে লাগিয়েছি—বিশেষ করে শস্য রপ্তানি ও জ্বালানি অবকাঠামোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।