সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাক্ষাৎকার কোনো সময়ই জীবন পুরোপুরি গুছিয়ে চলে না: হিমি

অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: ফেসবুক

জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনেত্রী ও মডেল। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিন, অভিনয় ভুবন, নতুন নাটক ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন

জন্মদিনের শুভেচ্ছা। দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনা করছেন?

শুভেচ্ছার জন্য ধন্যবাদ। রাত ১২টার পর পরিবারের লোকজন আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। আসলে জন্মদিনে খুব বড় কোনো আয়োজনের চেয়ে প্রিয় পরিবার,বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগে। এবছর সেটি হচ্ছে না। এবার শ্যুটিং সেটেই পালন করব জন্মদিন। মতিঝিলে দিনভর শুটিং আছে। সেখানেই সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। পরিবারের মানুষের এবার কাছে পাচ্ছি না বলে মনটা একটু খারাপ। জন্মদিন এলে শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে শুভেচ্ছা জানান। কেউবা উপহার পাঠান। এটিই আনন্দের।

শৈশবের জন্মদিন কেমন ছিল?

ছোটবেলায় জন্মদিন নিয়ে আলাদা একটা আনন্দ ছিল। অন্যরকম মজা হতো। পরিবারের সবাইকে দিনটি উদযাপিত হতো। তখন জন্মদিন মানেই ছিল নতুন পোশাক, কেক, পরিবারের সঙ্গে সময় কাটানো আর অনেক অনেক আনন্দ! এখন বয়স বেড়েছে, ব্যস্ততাও বেড়েছে। তাই জন্মদিনে খুব বেশি কিছু চাই না, পরিবারের মানুষকে পাশে পাওয়াই সবচেয়ে আনন্দের।

আপনার কাছে জীবনের সংজ্ঞা কী?

জীবন আমার কাছে চলমান একটি প্রক্রিয়া। কোনো সময়ই জীবন পুরোপুরি গুছিয়ে চলে না। বয়সের সঙ্গে দায়িত্ব, সম্পর্ক ও চ্যালেঞ্জ পরিবর্তন হয়। তাই সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের জায়গা থেকে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে চাই। কাজের পাশাপাশি পরিবার ও নিজের জন্য সময় বের করে নেওয়াটাই জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করি।

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: ফেসবুক

রোমান্টিক নাটকে হরহামেশাই অভিনয় করেন। সম্প্রতি অভিনয় করা ‘প্রথম প্রেমের গল্প’ নাটকটি অন্য নাটক থেকে কেন আলাদা?

‘প্রথম প্রেমের গল্প’ শুধু রোমান্টিক গল্প নয়। এখানে প্রেমের পাশাপাশি করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব এবং অতীতের প্রতিশোধের বিষয়ও আছে। আমার চরিত্রের নাম মেহনাজ কবির। সে মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। একজন ফ্যাশন ডিজাইনার। পরিস্থিতি, চরিত্রগুলোর সম্পর্ক এবং ঘটনার টানাপোড়েন নাটকটিকে অন্যরকম করেছে। তানভীর তন্ময় ভাইয়ের পরিচালনায় কাজটি করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।

নিলয় আলমগীরের সঙ্গে আপনার অনেক কাজ হয়েছে। বেশির ভাগ নাটকই দর্শক গ্রহণ করেছেন। নতুন নাটকে আবারও জুটি হয়েছেন। অভিজ্ঞতা কেমন ছিল?

নিলয় আলমগীর ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। দর্শকরাও আমাদের জুটিকে পছন্দ করেন। ‘প্রথম প্রেমের গল্প’ নাটকে আমাদের চরিত্র ও গল্পের প্রেক্ষাপট ভিন্ন। এ ক্ষেত্রে আগের কাজগুলোর সঙ্গে তুলনা না করে নতুনভাবে চরিত্র দুটিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। অনেক দর্শকই বলছেন আমাদের লাউড অভিনয় বেশী হচ্ছে। সেই জায়গা থেকে বের হতেই আমরা সফট চরিত্র করেছি। এ নাটকের মাধ্যমে দর্শক নতুনরূপে এই জুটিকে আবিস্কার করবেন। চলতি মাসেই দর্শক নাটকটি দেখতে পাবেন।

সারাবছর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটে। অবসরে কী করেন?

শুটিং না থাকলে প্রথমে শরীরচর্চা করি। দুই থেকে তিন ঘণ্টা ব্যায়াম করার চেষ্টা করি। এরপর সিনেমা-সিরিজ দেখি, ঘুমের ঘাটতি পূরণ করি। আমার তিনটি বিড়াল আছে, তাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। বাসার পোষা প্রাণীদের পাশাপাশি রাস্তার কুকুরদের জন্যও সময় দিতে পছন্দ করি। মাঝে মাঝে তাদের খাবার দিতে বের হই। এসব কাজ আমাকে মানসিকভাবে চাঙ্গা রাখে।

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: ফেসবুক

ওটিটিতে কাজ কম করছেন মনে হয়– এর কারণ কী?

ওটিটিতে কাজ করার প্রস্তাব এসেছে। তবে এখন পর্যন্ত যেসব প্রস্তাব পেয়েছি, সেগুলো আমার কাছে আকর্ষণীয় মনে হয়নি। গল্প, চরিত্র ভালো লাগলে অবশ্যই এ মাধ্যমে কাজ করতে চাই। আমার কাছে গল্প ও চরিত্র গুরুত্বপূর্ন। সেটা তো নাটকেই পাচ্ছি। এ কারণে নাটকেই আমি বেশি

স্বাচ্ছন্দ্য পাই। ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে ভবিষ্যতে ওটিটিতে কাজ করার ইচ্ছে আছে।

সূত্র: সমকাল থেকে সংগৃহীত

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।