ডিসেম্বরে ‘ঠিকানা বাংলাদেশ’ দিয়ে প্রত্যাবর্তন, হাতে নতুন সিনেমা ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’; অভিনয়ের পাশাপাশি গানে ফেরারও প্রস্তুতি। নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক
দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেড় বছর পর আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে দেখা যাবে তাঁকে। অনম বিশ্বাস পরিচালিত এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও রয়েছেন ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসার।
অভিনয়ে ফেরার এই যাত্রায় নতুন উদ্যমে এগোতে চান ফারিয়া। কঠিন সময়ের অভিজ্ঞতা, দর্শকের ভালোবাসা আর নিজের স্বপ্নকে সঙ্গী করে আবারও নিয়মিত হতে চান অভিনয়ে। তাঁর উপলব্ধি, ‘সবকিছু সব সময় পরিকল্পনামতো হয় না।’ জীবনের নানা পরিস্থিতি মানুষকে থামিয়ে দিলেও সেই অভিজ্ঞতাই নতুন করে ভাবতে ও সামনে এগিয়ে যেতে শেখায়।
ডিসেম্বরে ‘ঠিকানা বাংলাদেশ’, অপেক্ষার অবসান
শুটিং শেষে ‘ফুটবল ৭১’ থেকে নাম পরিবর্তন করে সিনেমাটির নাম রাখা হয় ‘ঠিকানা বাংলাদেশ’। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি। অবশেষে গত বুধবার সিনেমাটির মুক্তির খবর নিশ্চিত করেন পরিচালক।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে উঠে এসেছে স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে দলটির ভূমিকা ও ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ হিসেবেই ছবিটিকে দেখছেন ফারিয়া।
সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেন, ‘এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ভূমিকা আমাদের ইতিহাসের গর্বের অংশ। এমন গল্পের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। চাই, নতুন প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে আরও জানুক। বিরতির পর আমার সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। আশা করছি, দর্শক এটি ভালোভাবে গ্রহণ করবেন।

‘লাপাত্তা’য় নতুন চ্যালেঞ্জ
বড় পর্দায় ফেরার প্রস্তুতির পাশাপাশি নতুন কাজেও ব্যস্ত নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা হয়েছে তাঁর।
সিনেমাটি নিয়ে ফারিয়ার ভাষ্য, ‘দীর্ঘ বিরতির পর আবার নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ানো বিশেষ অনুভূতি। এফডিসিতে এর দৃশ্যধারণ হয়েছে। এটি আমার চিরচেনা জায়গা। গল্পটি ভালো লেগেছে। এখানে থ্রিল, সাসপেন্স, আবেগ ও কমেডি—সবই আছে। কেন্দ্রীয় নারী চরিত্রটির নানা দিক একজন অভিনেত্রী হিসেবে আমাকে আকৃষ্ট করেছে।’
‘লাপাত্তা’য় ফারিয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়। ভিন্ন স্বাদের গল্প ও চরিত্রের মধ্য দিয়ে দর্শকদের সামনে নতুনভাবে হাজির হওয়ার প্রত্যাশা তাঁর।
‘লজ্জা’য় সমাজসচেতন গল্প
এদিকে নতুন আরেকটি সিনেমা ‘লজ্জা’য় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এম এইচ খোকন পরিচালিত ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। এতে সমাজসচেতনতামূলক একটি বিষয় তুলে ধরা হবে।
একদিকে ইতিহাসনির্ভর সিনেমা, অন্যদিকে থ্রিলার ও সমাজসচেতনতামূলক গল্প—সব মিলিয়ে নতুন কাজের মধ্য দিয়ে অভিনয়ের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী।
কঠিন সময় পেরিয়ে নতুন করে পথচলা
জীবনের প্রতিটি অধ্যায় যে পরিকল্পনামাফিক এগোয় না, তা উপলব্ধি করেছেন নুসরাত ফারিয়া। তবে কঠিন সময়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাঁর। আগের চেয়ে ধৈর্যশীল হয়ে ওঠা এবং মানুষের ভালোবাসা থেকে শক্তি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ফারিয়া বলেন, ‘সবকিছু সব সময় পরিকল্পনামতো হয় না। কিছু পরিস্থিতি থামিয়ে দেয়, আবার কিছু ঘটনা নতুন করে ভাবতে শেখায়। এখন আগের চেয়ে বেশি ধৈর্য ধরতে পারি। মানুষের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। সেই শক্তি নিয়েই সামনে এগোতে চাই।’
বদলে যাওয়া চলচ্চিত্রে নতুন সম্ভাবনা
দেশের চলচ্চিত্রশিল্পের পরিবর্তন নিয়েও ইতিবাচক ফারিয়া। তাঁর মতে, সময়ের সঙ্গে দর্শকের রুচি ও গল্প বলার ধরনে পরিবর্তন এসেছে। ওটিটির বিস্তার শিল্পীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, একই সঙ্গে বেড়েছে কাজের ক্ষেত্রে দায়িত্বও।
চলচ্চিত্রের পরিবর্তন নিয়ে ইতিবাচক ফারিয়া।
অভিনয়ের পাশাপাশি গানেও নিজের অবস্থান আরও শক্ত করতে চান তিনি। ‘লোকে বলে’ গানটির প্রতি শ্রোতাদের সাড়া তাঁকে উৎসাহিত করেছে। সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল আনন্দের। সামনে আরও দুটি নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি সুযোগ পেলে আবারও উপস্থাপনায় ফিরতে চান এই অভিনেত্রী।
ভ্রমণে খোঁজেন নতুন উদ্যম
ভ্রমণপ্রিয় নুসরাত ফারিয়া সম্প্রতি ঘুরে এসেছেন তুরস্ক ও যুক্তরাজ্যের অক্সফোর্ডে। তাঁর কাছে ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়; বরং মানসিকভাবে সতেজ হওয়া, নতুন উদ্যম ফিরে পাওয়া এবং নিজেকে নতুন করে প্রস্তুত করার একটি উপায়।
স্বপ্নপূরণের গল্প এখনও বাকি
ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে কোনো একটি পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না ফারিয়া। অভিনয়ে চ্যালেঞ্জিং চরিত্র, ভালো গল্পের সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি গানের জগতেও আরও ভালো কিছু করতে চান তিনি।
নিজের স্বপ্ন ও প্রত্যাশার কথা জানিয়ে ফারিয়া বলেন, ‘নিজেকে কোনো একটি পরিচয়ে আটকে রাখতে চাই না। অভিনয়ে চ্যালেঞ্জিং চরিত্র, ভালো গল্পের সিনেমা ও ওটিটিতে কাজ করতে চাই। গানে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে। আমি এখনও স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণে কাজ করে যেতে চাই। আমার মনে হয়, স্বপ্নপূরণের গল্প এখনও শেষ হয়নি।’
দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা, নতুন চরিত্র আর গানের পরিকল্পনা নিয়ে নুসরাত ফারিয়ার সামনে খুলছে নতুন সম্ভাবনার দরজা। তাঁর প্রত্যাশা, দর্শকের ভালোবাসা সঙ্গে নিয়ে আবারও নিজের কাজের মধ্য দিয়ে নতুন করে জায়গা করে নেবেন তিনি।
