ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ঘোষণা, পাঁচ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি; প্রয়োজনে হা-মীম গ্রুপের কার্যালয়ের ফ্লোর ও ক্যান্টিন ব্যবহারের প্রস্তাব। শনিবার রাতে ক্লাবটির নতুন অফিস উদ্বোধন করেন এ. কে. আজাদ। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাব লিমিটেডের নতুন অফিস উদ্বোধন করেছেন হা-মীম গ্রুপের কর্ণধার এ. কে. আজাদ। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।
শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্লাবটির নতুন অফিস উদ্বোধন করেন। পরে তাঁকে ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক ঘোষণা করা হয়।
সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি ক্লাব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে এ. কে. আজাদ বলেন, ক্লাবটি প্রতিষ্ঠায় যাঁরা এগিয়ে এসেছেন, তাঁদের ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের সাবেক সব শিক্ষার্থীকে সম্মিলিতভাবে ক্লাবটির উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ছবি: সংগৃহীত
এ সময় ক্লাবের জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন এ. কে. আজাদ। পাশাপাশি প্রয়োজনে হা-মীম গ্রুপের মূল কার্যালয়ের একটি ফ্লোর ও ক্যান্টিন ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের প্রস্তাব দেন তিনি।
রাজনীতিকীকরণ নয়, স্বচ্ছতার ওপর গুরুত্ব
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. মাফুজুর রহমান সংগঠনটিকে রাজনীতিকীকরণ না করার আহ্বান জানান। একই সঙ্গে ক্লাবের অর্থনৈতিক কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল হক মুকুল উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানান। বক্তব্যে তিনি ক্লাব প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে সংগঠনটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজা রহমান চৌধুরী। এ সময় প্রতিষ্ঠাতা সদস্য মো. রেজাউল করিম, শেখ সালাউদ্দিন আহমেদ, ড. তাপস চন্দ্র পালসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
