বিদেশি পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে প্রশংসিত নাটোর পুলিশের দুই কর্মকর্তা, আইজিপির আর্থিক পুরস্কার। জার্মান পর্যটককে ল্যাপটপ হস্তান্তর। ফাইল ছবি
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। ল্যাপটপটিতে গত ছয় মাসের কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। একাধিক পুলিশ ইউনিটের সমন্বিত অভিযানে অবশেষে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার সকালে পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা ল্যাপটপটি জার্মান পর্যটক ক্রিলের কাছে হস্তান্তর করেন আইজিপি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য তিনি স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি।
টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি ক্রিল। একই সঙ্গে নিখোঁজ হয়ে যায় তাঁর ল্যাপটপ ও ক্যামেরা। পরে তিনি নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হারানো ল্যাপটপে ছয় মাসের কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন এই জার্মান পর্যটক। তাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে মাঠে নামে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। সমন্বিতভাবে শুরু হয় অনুসন্ধান ও অভিযান।
অবশেষে গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করে পুলিশ। পরে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি ক্রিলের কাছে হস্তান্তর করা হয়।
হারানো ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। বাংলাদেশ ভ্রমণকালে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
পুলিশ সদরদপ্তর জানায়, বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ আইজিপি নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন।
এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করা, দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের নির্দেশনা দেন।
