রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ

বাসস
অক্টোবর ২৫, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সোমবার স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তার এ সরকারি সফর চলবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরের শুরুতে শামা ওবায়েদ স্পেনের সেভিলে যাবেন। সেখানে ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য ‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’।

এ আয়োজনের লক্ষ্য বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন অংশীদারত্বের সুযোগ তৈরি করা।

সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্পেনে কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন তিনি। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মধ্য দিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়া, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।