বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সরল চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১০ হাজার ৯৬০ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আটক সরল চন্দ্র দাস দিনাজপুর সদর উপজেলার লক্ষীতলা গঙ্গাপ্রসাদ গ্রামের খিরেন চন্দ্র দাসের ছেলে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ ওই যুবককে আটক করতে সক্ষম হন।

অভিযানে আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৬০ টাকা (দশ হাজার নয়শত ষাট টাকা)।

এ বিষয়ে ২৮ অক্টোবর প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, “২৯ বিজিবির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও বিজিবি ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রাখবে।”

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।