মির্জাপুরে একাধিক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত। প্রতীকী ছবি
শেরপুরের নকলায় ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতে ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরপর দুটি ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
নকলায় শিশুকে ধর্ষণ, সাত মাসের অন্তঃসত্ত্বা
শেরপুরের নকলা উপজেলায় ১৩ বছর বয়সী এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উসমান মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার নকলা জিআর আমলী আদালতে ২২ ধারায় ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ করা হয়। পরে আদালতের বিচারক ও শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৫ মার্চ উসমান মিয়া ওই শিশুশিক্ষার্থীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের কাছে গোপন রাখে। কয়েক মাস পর পরিবারের সদস্যরা তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত জানায়।
পরে চিকিৎসা পরীক্ষায় শিশুটি ৩১ সপ্তাহের (প্রায় সাত মাস) অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় সোমবার শিশুটির পরিবার নকলা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত উসমান মিয়াকে গ্রেপ্তার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার অভিযুক্ত ও ভুক্তভোগীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
মির্জাপুরে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত
এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তপন সরকার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া স্বাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের তথ্য জানানো হয়। অভিযুক্ত তপন সরকার উপজেলার নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই শিক্ষক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর শরীরে আপত্তিকরভাবে হাত দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি শিশুশিক্ষার্থীরা বাড়িতে জানালে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সোমবার বিদ্যালয়ে এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক তপন সরকারকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আনসার উদ্দিন বলেন, তপন সরকারের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি জানতে পেরে রাতেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেননি। এ কারণে তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
