রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বাঁচার আকুতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বেলাল উদ্দিন। ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মো. বেলাল উদ্দিন নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। জনসমাগমপূর্ণ বিবিরহাট বাজারে দিনের বেলায় এ হামলার ঘটনা ঘটে। ছুরিকাঘাতে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজারের মাংস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বেলাল উদ্দিন ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। তিনি ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন। আটক মোহাম্মদ আলম পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে আসেন বেলাল উদ্দিন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বাঁচার আকুতি জানান এবং অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মোহাম্মদ আলম তাঁকে ছুরিকাঘাত করেছেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেলাল উদ্দিন মোবাইল ফোনে সমকালকে বলেন, মাসখানেক আগে স্থানীয়রা মোহাম্মদ আলমকে ইয়াবা ও মদসহ আটক করেন। ওই ঘটনার একটি ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রচার করেছিলেন। এ নিয়ে আলম তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে তাঁর অভিযোগ। শুক্রবার দুপুরে বিবিরহাটের মাংস বাজারে একা পেয়ে আলম তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আটক আলম পেশায় একজন কসাই।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম জানান, আহত বেলাল উদ্দিনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহত বেলাল উদ্দিনের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে এমন হামলার অভিযোগে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।