কুড়িল–৩০০ ফিট সড়কে যানবাহন নিয়ন্ত্রণের অভিযোগ, টাকা দিলেই মেলে নির্বিঘ্ন চলাচল; চুক্তি না থাকলে মামলা, আটক ও ডাম্পিংয়ের ভয়। ফাইল ছবি
রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়ক যেন ঘিরে গড়ে উঠেছে চাঁদাবাজির এক অদৃশ্য নেটওয়ার্ক! অভিযোগের কেন্দ্রে গুলশান ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) দেলোয়ার। তার নির্ধারিত লোকজনের মাধ্যমে বিভিন্ন যানবাহন থেকে মাসোহারা আদায়, বিশেষ স্টিকারের বিনিময়ে অবৈধ চলাচলের সুযোগ এবং টাকা না দিলে মামলা, গাড়ি আটক ও হয়রানির অভিযোগ উঠেছে। চালকদের ভাষ্য, নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই সড়কে মেলে নির্বিঘ্ন চলাচলের নিশ্চয়তা, আর টাকা না দিলে নেমে আসে পুলিশি ঝামেলা।
একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে, কুড়িল ও ৩০০ ফিট সড়কে বিভিন্ন ধরনের যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ। সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাক, মিক্সার, ড্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান—কোনো যানবাহনই যেন এই অভিযোগের আওতার বাইরে নয়।
স্টিকারেই মিলছে অবৈধ চলাচলের ছাড়পত্র!
অনুসন্ধানে জানা যায়, কুড়িল এলাকা থেকে চলাচলকারী প্রায় ৪০০ সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশের ঢাকা মহানগরে চলাচলের অনুমতি নেই। অথচ মাসে তিন হাজার টাকা করে দেওয়ার বিনিময়ে এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে বলে অভিযোগ।
চালকদের দাবি, টিআই দেলোয়ারের সঙ্গে মাসিক চুক্তি থাকলে পুলিশ গাড়ি আটকায় না। চুক্তির আওতাভুক্ত গাড়িতে বিশেষ স্টিকার লাগানো থাকে। এই স্টিকারই যেন সড়কে চলাচলের অলিখিত অনুমতিপত্র! স্টিকার না থাকলে বিভিন্ন মোড়ে পুলিশের জিজ্ঞাসাবাদ, মামলা কিংবা গাড়ি ডাম্পিংয়ে পাঠানোর ভোগান্তিতে পড়তে হয়।
একাধিক চালক মাসিক টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। কেউ দেখিয়েছেন পুলিশের সঙ্গে চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত স্টিকার। অনুসন্ধানের সময় স্টিকার পরিবর্তনের তথ্যও সামনে আসে। চালকদের অভিযোগ, লাইনম্যানদের মাধ্যমে সংগ্রহ করা এসব টাকা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়।
৩০০ ফিটে অটোরিকশার চলাচলও নিয়ন্ত্রণের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগ শুধু সিএনজিতে সীমাবদ্ধ নয়। ৩০০ ফিট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে টিআই দেলোয়ারের বিরুদ্ধে।
পূর্বাচলের নীলা মার্কেট থেকে কুড়িলগামী এক চালকের দাবি, মাসিক চুক্তিতে না থাকলে ওই রুটে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। গাড়ি নিয়ে বের হলে আটক ও ডাম্পিংয়ের আশঙ্কা থাকে। অথচ মাসোহারা দেওয়া গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে বলে অভিযোগ তার।
প্রাইভেট কারেও মাসিক চাঁদা, কাগজে সমস্যা থাকলে বাড়ে অঙ্ক
কুড়িল বিশ্বরোডের একটি প্রাইভেট কার স্ট্যান্ডের চালকদের ভাষ্য, গাড়িপ্রতি মাসে দুই হাজার টাকা করে দিতে হয়। লাইনম্যান কাউসার টাকা সংগ্রহ করে দেলোয়ার ও স্থানীয় নেতাদের কাছে পৌঁছে দেন বলে অভিযোগ।
গাড়ির কাগজপত্রে সমস্যা থাকলে চাঁদার পরিমাণ আরও বেড়ে যায় বলে দাবি চালকদের। অনুসন্ধানকারীরা যাত্রী সেজে একটি প্রাইভেট কারে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত গিয়ে চালকের কাছ থেকেও এ ধরনের চাঁদা দেওয়ার তথ্য পেয়েছেন।
বাস-ট্রাক-কাভার্ড ভ্যানেও চাঁদার বিস্তার
৩০০ ফিট সড়কে চলাচলকারী বাস, ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক ও কাভার্ড ভ্যান থেকেও নিয়মিত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। চালকদের দাবি, দিনের বেলায় রাজধানীতে চলাচলের অনুমতি না থাকা মাটি ও পাথরবোঝাই ট্রাকও মাসিক চুক্তির কারণে পুলিশের চেকপোস্ট পার হয়ে যায়।
কোনো পুলিশ সদস্য গাড়ি আটকালে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বলার পর গাড়ি ছেড়ে দেওয়া হয় বলেও দাবি চালকদের। বিভিন্ন রেডিমিক্স কোম্পানির গাড়ি থেকে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগও অনুসন্ধানে উঠে এসেছে।
মাসে ২০ লাখ টাকার চাঁদার হিসাব!
অনুসন্ধানে বিভিন্ন যানবাহন ও পরিবহন খাত থেকে চাঁদা আদায়ের একটি হিসাব তুলে ধরা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা সংগ্রহ করা হয় বলে অভিযোগ।
প্রায় ২০০ সিএনজি থেকে মাসে ৬ লাখ টাকা।
১৫০ প্রাইভেট কার থেকে ৩ লাখ টাকা।
ব্যাটারিচালিত অটোরিকশার লাইনম্যানদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা।
মিক্সার ও ড্রাম ট্রাক কোম্পানি থেকে প্রায় ৪ লাখ টাকা।
কাভার্ড ভ্যান কোম্পানি থেকে আড়াই লাখ টাকা।
বাস কোম্পানিগুলো থেকে প্রায় ১ লাখ টাকা।
এ ছাড়া পিকআপ স্ট্যান্ড, দেওয়ান পরিবহন ও বিআরটিসি থেকেও পার্কিংয়ের নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে সড়ককেন্দ্রিক এই অর্থ আদায়ের নেটওয়ার্ক মাসে প্রায় ২০ লাখ টাকায় পৌঁছায় বলে অনুসন্ধানে দাবি করা হয়েছে।
বদলি হয়েও দুই দিনের মাথায় কুড়িলে ফিরে আসার রহস্য!
অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর দেলোয়ারকে মহাখালী জোনে বদলি করা হলেও মাত্র দুই দিনের মাথায় আবার কুড়িলে বহাল করা হয়। বদলি ঠেকাতে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় চালকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলেও কুড়িল এলাকায় দেলোয়ারের নিয়ন্ত্রণ ছিল। সরকার ও সময় বদলালেও সড়ককেন্দ্রিক এই প্রভাব বলয় অক্ষত রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ অস্বীকার দেলোয়ারের, তদন্তের আশ্বাস পুলিশের
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অনুসন্ধানী দল টিআই দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তিনি কার্যালয়ে সাক্ষাৎকার দিতে বললেও পরে এড়িয়ে যান। দায়িত্ব পালনকালে সরাসরি প্রশ্ন করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আপনার কাছে কোনো প্রমাণ থাকলে ইউ ক্যান পাবলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িল ও ৩০০ ফিট সড়কের এই অভিযোগ এখন শুধু যানবাহন নিয়ন্ত্রণের প্রশ্ন নয়; বরং আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। অভিযোগ সত্য হলে সড়কে আইন কি সবার জন্য সমান, নাকি নির্দিষ্ট অঙ্কের টাকায় নিয়ম ভাঙার সুযোগ তৈরি হচ্ছে—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ভুক্তভোগী চালকরা।
