সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হাতে শনাক্ত, পরে পুলিশের কাছে হস্তান্তর।তানিয়া আক্তার তাপসী। ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। রোববার সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্স এলাকায় তাকে শনাক্ত করে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে টঙ্গী পশ্চিম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তানিয়া আক্তার তাপসী। সেখানে তাকে চিনতে পারেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী। পরে তারা তানিয়াকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে তিনি উপপ্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, চাকরির সাক্ষাৎকার দিতে টঙ্গীতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হন তানিয়া। পরে তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।