তৃতীয় সভায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব, পর্যালোচনা শেষে সংশোধিত প্রস্তাব দিতে পারে উভয় পক্ষ। মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন নিম্নতম মজুরি বোর্ডের সৈয়দ আজাদ সুবহানী ছবি-সংগৃহীত
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবিত মজুরির অঙ্ক এখনই প্রকাশ করা হচ্ছে না। নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা পড়ার পর শ্রমিক ও মালিক—উভয় পক্ষই তা পর্যালোচনা করবে। প্রয়োজনে দুই পক্ষই নিজেদের প্রস্তাবে সংশোধন এনে পুনরায় জমা দিতে পারবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে বিকেলের বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সোমবার দুপুর পৌনে ১২টায় মজুরি বোর্ড কার্যালয়ে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এবারের সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন।
মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিক পক্ষের বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
বৈঠকের বিরতিতে ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। এ কারণে মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণ প্রকাশ করা হচ্ছে না। আলোচনা সম্পন্ন হলে প্রস্তাবের বিস্তারিত জানানো হবে।
বাজারে মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার ৫০০ টাকা বলে খবর ছড়িয়েছে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত মজুরির পরিমাণ এর চেয়ে অনেক বেশি।
তিনি জানান, মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে। এখন শ্রমিক ও মালিক উভয় পক্ষই প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। পর্যালোচনা শেষে দুই পক্ষই চাইলে সংশোধিত প্রস্তাব দিতে পারবে। আজকের সভা চলমান থাকবে। প্রয়োজনে বুধবারও আলোচনা অব্যাহত রাখা হতে পারে।
আলোচনা শেষ না হওয়ায় সোমবার রাত ১০টা পর্যন্ত সভা চলার সম্ভাবনা রয়েছে। আজ আলোচনা সম্পন্ন হলে সভা মুলতবি করে আগামী বুধবার পুনরায় শুরু করা হতে পারে।
অন্যদিকে, ব্রিফিংয়ে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, শ্রমিক পক্ষের দাবির সঙ্গে মালিকপক্ষের প্রস্তাবের ব্যবধান অনেক বেশি। তবে শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব পর্যালোচনা করে মজুরির অঙ্ক কমিয়ে নতুন প্রস্তাব জমা দেবে।
উল্লেখ্য, নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।
