লক্ষ্মীপুরে প্রিজনভ্যান থেকে দুই আঙুল দেখিয়ে হুমকি, বিএনপিপন্থী আইনজীবীদের তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল।অভিযুক্ত মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ফাইল ছবি
লক্ষ্মীপুর জেলা আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আঙুল দেখিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
বিকেলে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী ঘটনার বিবরণ দিয়ে বলেন, জামিন শুনানির জন্য ওই দিন ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে তাদের প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন। এর প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা তাৎক্ষণিক মিছিল বের করেন।
তিনি আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদকে জামিন দেন। রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি।
অন্যদিকে, চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। এখনো তারা ফ্যাসিবাদী কায়দায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, জামিনে বেরিয়ে তারা বিএনপির নেতাকর্মী ও আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আদালত প্রাঙ্গণে এমন উত্তেজনাকর পরিস্থিতি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে আইনজীবী মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
