শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-পিরোজপুরে উন্নয়নের নামে ১,৬৪৭ কোটি টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

১৭ প্রকল্পে হরিলুটের নেপথ্যে পাঁচ প্রভাবশালী, সহযোগী ১৪ কর্মকর্তা; কাজ না করেই শতভাগ অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলন। ফাইল ছবি

কোথাও কাগজে-কলমে কাজের অগ্রগতি দেখানো হয়েছে ১০০ শতাংশ, অথচ বাস্তবে কাজের কোনো অস্তিত্ব নেই। কোথাও ৯৫ শতাংশ বিল তুলে নিয়েছেন ঠিকাদার, কিন্তু নির্মাণ হয়নি এক ইঞ্চি সড়কও। একই সড়ক ও কালভার্ট একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে একাধিকবার বিল। এমনকি চুক্তিমূল্যের চেয়েও বেশি অর্থ উত্তোলনের নজির মিলেছে। উন্নয়নের নামে সরকারি অর্থ ব্যয়ের এমন ভয়াবহ চিত্রের আড়ালে চলেছে লুটপাটের মহোৎসব।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পে এভাবেই আত্মসাতের অভিযোগ উঠেছে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা। এই বিপুল অর্থের অনিয়ম ও লুটপাটের নেপথ্যে রয়েছেন পাঁচ প্রভাবশালী ব্যক্তি। তারা হলেন—সাবেক মন্ত্রী ও সংসদ-সদস্য শ ম রেজাউল করিম, সাবেক সংসদ-সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলাম, নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীন এবং সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

তাদের প্রভাব ও ছত্রছায়ায় প্রকল্পের ঠিকাদারি নিয়ন্ত্রণ, কাজের অগ্রগতি নিয়ে জালিয়াতি, ভুয়া বিল প্রস্তুত এবং সরকারি অর্থ ছাড়ের মাধ্যমে এই অনিয়ম সংঘটিত হয়েছে বলে উঠে এসেছে এলজিইডির তদন্ত প্রতিবেদনে। ওই প্রতিবেদনের তথ্য আমলে নিয়ে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) আটটি মামলা করেছে।

তদন্ত অনুযায়ী, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৭টি প্রকল্পের আওতায় ছাড় করা হয় ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা। অথচ সরেজমিনে বাস্তব কাজের আর্থিক মূল্য পাওয়া গেছে মাত্র ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ কাগজে-কলমে উন্নয়নের হিসাবের সঙ্গে বাস্তব কাজের ব্যবধান ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা। এই বিপুল অর্থের গরমিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং প্রকল্পের বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, ঠিকাদার ও প্রশাসনিক কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ সামনে এসেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উন্নয়নের নামে প্রকল্পগুলো দলীয়করণ করা হয়েছিল। দলীয়করণের মাধ্যমে প্রকল্প বাছাই ও বাস্তবায়ন, বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সরকারি দপ্তরগুলোর মধ্যে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে জনগণের অর্থ অপচয়ের সুযোগ তৈরি হয়েছে। এসব চর্চার মধ্য দিয়েই অনিয়মের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।

তিনি বলেন, বিষয়টি এখন দেশবাসীর সামনে আসছে। তবে দুঃখজনক হলো, এখনো একই ধরনের চর্চার নজির দেখা যাচ্ছে। গত ১৫-১৬ বছরে এ ধরনের অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার চর্চা দেখা যায়নি। ফলে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। এখন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

১৯ জনের লুটতন্ত্র, নেপথ্যে পাঁচ প্রভাবশালী ও ১৪ কর্মকর্তা

বরিশাল ও পিরোজপুর অঞ্চলে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিল উত্তোলন—সবকিছুতেই একটি প্রভাবশালী চক্র সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, নিজেদের ও আত্মীয়স্বজনের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাগিয়ে নিয়ে বাস্তবে কাজ না করেই বিল উত্তোলন করা হতো। এ কাজে এলজিইডির স্থানীয় ১৪ কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ঠিকাদার।

তদন্ত প্রতিবেদনেও পাঁচ প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, শ ম রেজাউল করিম, মহিউদ্দিন মহারাজ, মেহরাজুল ইসলাম, নুরে আলম শাহীন ও তোফাজ্জল হোসেন মিয়ার প্রভাব ও ছত্রছায়ায় এসব অনিয়ম সংঘটিত হয়েছে।

অভিযোগের তালিকায় থাকা অন্য ১৪ জন হলেন—উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, সার্ভেয়ার রিপন হালদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার, ডিএএফও মো. মোহসীন, প্রকল্প পরিচালক আব্দুল হাই, প্রকল্প পরিচালক সুশান্ত রঞ্জন রায়, প্রকল্প পরিচালক সৈয়দ আহমাদ আলী, প্রকল্প পরিচালক মোহাম্মদ আদনান আখতারুল আজম, প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।

এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার দুটি নম্বরের একটিতে ফোন বন্ধ পাওয়া যায়। অন্য নম্বরে কল গেলেও তিনি রিসিভ করেননি।

কাগজে শতভাগ কাজ, বাস্তবে এক ইঞ্চিও নয়

প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়মের ভয়াবহ চিত্র পাওয়া গেছে ১৯টি প্যাকেজে। এসব প্যাকেজের নথিতে কাজের অগ্রগতি দেখানো হয়েছে ৮৫ থেকে ১০০ শতাংশ। অথচ সরেজমিন তদন্তে বাস্তব অগ্রগতি পাওয়া গেছে শূন্য। অর্থাৎ কাগজে উন্নয়ন সম্পন্ন হলেও মাঠপর্যায়ে কাজের কোনো অস্তিত্ব নেই। তারপরও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে।

বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (বিডিআইআরডব্লিউএসপি) আটটি প্যাকেজে নথিপত্রে ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন দেখানো হয়। কিন্তু সরেজমিনে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। এভাবে প্রায় ৪০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

একই ধরনের অনিয়মের চিত্র পাওয়া গেছে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের (আইবিআরপি) ক্ষেত্রেও। প্রকল্পের আওতায় কাজের অস্তিত্ব না থাকলেও বিল পরিশোধ করা হয়েছে। শুধু এই দুটি প্রকল্প নয়, পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (পিডিআরআইডিপি) চারটি এবং বিজেপি প্রকল্পের চারটি প্যাকেজেও একই চিত্র পাওয়া গেছে। নথিতে ৮৫ থেকে ১০০ শতাংশ অগ্রগতি দেখানো হলেও বাস্তবে কাজের অগ্রগতি ছিল শূন্য।

একই সড়কে একাধিক প্রকল্প, একই কাজের বিপরীতে একাধিক বিল

সরকারি অর্থ আত্মসাতের আরেকটি কৌশল ছিল একই সড়ক ও কালভার্টের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত করা। তদন্তে এ ধরনের ১২টি ওভারল্যাপ বা দ্বৈত প্রকল্পের ঘটনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে আটটি প্রধান প্যাকেজে ১০১ কোটি ৫৭ লাখ টাকার দ্বৈত বিল উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

নাজিরপুরে এক কিলোমিটার সড়কের চুক্তিমূল্য ছিল ৮৭ লাখ টাকা। অথচ ওই কাজের অগ্রগতি ২০০ শতাংশ দেখিয়ে বিল নেওয়া হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা।

দাকুরতলা-আরঅ্যান্ডএইচ থেকে তালুকদারবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক নির্মাণের চুক্তিমূল্য ছিল ২ কোটি ৪৩ লাখ টাকা। বাস্তবে কোনো কাজ না হলেও উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে পরিশোধ করা হয় ২ কোটি ৩১ লাখ টাকা।

একই প্রতিষ্ঠানকে সাপোর্টিং রুরাল ব্রিজ প্রোগ্রামের আওতায় আরও ১৫ কোটি ৪ লাখ টাকা দেওয়ার তথ্য পাওয়া গেছে। অথচ এ অর্থ পরিশোধের পক্ষে কোনো কার্যাদেশ বা অনুমোদিত রেকর্ড ছিল না বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

হোগলাবুনিয়া হেদায়েতশেখের বাড়ি সড়কের ৮৬ লাখ টাকার চুক্তির বিপরীতে এম/এস এইচ এস এন্টারপ্রাইজকে ৫৭ লাখ টাকা বিল দেওয়া হয়। পরে ওই বিল এম/এস এস ইঞ্জিনিয়ার্সের নামে স্থানান্তর করা হয়।

এ ছাড়া কাউখালী, ইন্দুরকানি ও পিরোজপুর সদর উপজেলায় সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের বিডিআইআরডব্লিউএসপি এবং সিএএফডিআরআই প্রকল্পে একই সড়ক ও কালভার্টের কাজ একাধিকবার দেখানোর তথ্য পাওয়া গেছে।

১ হাজার ২২৭ পরিমাপ বই উধাও, অস্বাভাবিক বিলের হিসাব মিলবে কীভাবে?

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কাজের পরিমাপসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির অনুপস্থিতি। সিএএফডিআরআই প্রকল্পের একটি প্যাকেজে চুক্তিমূল্য ছিল ৩ কোটি ৮৬ লাখ টাকা। অথচ উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে বিল দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকা।

চুক্তিমূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধের মতো অস্বাভাবিক ঘটনা যাচাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো পরিমাপ বই বা এমবি। কিন্তু তদন্তের সময় এসব নথির বড় অংশেরই হদিস পাওয়া যায়নি।

তদন্ত কমিটি ১৭টি প্রকল্পের মোট ১ হাজার ২৬৯টি প্যাকেজের মধ্যে মাত্র ৪২টির পরিমাপ বই পেয়েছে। বাকি ১ হাজার ২২৭টি পরিমাপ বই পাওয়া যায়নি। ফলে কোন কাজের বিপরীতে কতটুকু কাজ দেখিয়ে বিল দেওয়া হয়েছে, তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

দরপত্র থেকে বিল—সব পর্যায়েই অনিয়মের অভিযোগ

প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান ও মূল্যায়নের ক্ষেত্রেও নিয়ম লঙ্ঘনের তথ্য উঠে এসেছে। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর)-২০০৮ এবং ই-জিপি নির্দেশনা লঙ্ঘন করে ১৩৩টি প্যাকেজের দরপত্র অফলাইনে আহ্বান ও মূল্যায়ন করা হয়েছে। মোট ৩৬৩টি চুক্তির সিংহভাগই অফলাইনে সম্পন্ন করার তথ্য অডিটে উঠে এসেছে।

এ ছাড়া আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের পাঁচ উপজেলার ১২টি প্যাকেজে চুক্তিপত্র কিংবা সিকিউরিটি মানি ছাড়াই বিল দেওয়ার অভিযোগ রয়েছে। নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ল্যাব টেস্ট ও ফিল্ড লোড টেস্টের সনদ ছাড়াও বিল চূড়ান্ত করা হয়েছে।

দরপত্র আহ্বান, কাজের পরিমাপ, নির্মাণসামগ্রীর মান যাচাই এবং বিল পরিশোধ—প্রতিটি পর্যায়েই নির্দিষ্ট নিয়ম অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব পর্যায়ে একসঙ্গে অনিয়মের অভিযোগ ওঠায় প্রকল্প বাস্তবায়ন ও তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

১,৬৪৭ কোটি টাকার অনিয়মে দুদকের আট মামলা

এলজিইডির পিরোজপুর অঞ্চলের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে আটটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় কাজ না করে ভুয়া স্কিম দেখানো, জাল অগ্রগতি প্রতিবেদন তৈরি, পরিমাপ বই ছাড়াই বিল উত্তোলন এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।

একটি মামলায় ইন্দুরকানি উপজেলায় তিনটি কাল্পনিক স্কিম দেখিয়ে ১৭৫ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়েছে।

অন্য একটি মামলায় ইন্দুরকানি ও কাউখালী উপজেলায় ১১৬টি ড্রেন ও সড়ক প্যাকেজের কাজ না করেই ভুয়া অগ্রগতি প্রতিবেদন তৈরি এবং পরিমাপ বই ছাড়াই ৪০৭ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। ভ্যাট ও আয়কর বাদে এ অর্থের পরিমাণ ৩৯৭ কোটি ২১ লাখ ১০ হাজার ১১০ টাকা।

আরেকটি মামলায় দুটি ভুয়া স্কিম দেখিয়ে ১০ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় এলজিইডির কর্মকর্তা, হিসাবরক্ষণ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং ঠিকাদারদের নাম রয়েছে।

তবে তদন্ত প্রতিবেদনে উল্লেখিত ১৯ জনের সবাই দুদকের আটটি মামলার আসামি নন। ফলে তদন্তে উঠে আসা অভিযোগ এবং মামলার আসামিদের তালিকাকে এক করে দেখার সুযোগ নেই।

যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ

তদন্তে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

১. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।

২. দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন প্রকল্প (আইবিআরপি)।

৩. পল্লি সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্প (সিআইবিআরআর)।

৪. টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (এসএসএসডব্লিউআরডিপি)।

৫. উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউটিএমআইডিপি)।

৬. দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআইডিপি)।

৭. পুকুর খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি)।

জবাবদিহি ও সম্পদ উদ্ধারের প্রশ্ন

এলজিইডির তদন্ত প্রতিবেদনে উঠে আসা তথ্য, বিপুলসংখ্যক পরিমাপ বইয়ের অনুপস্থিতি, একই কাজের বিপরীতে একাধিক বিল এবং কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু মামলা দায়ের করলেই এ ধরনের অনিয়মের প্রতিকার সম্ভব নয়। প্রকল্পভিত্তিক অর্থছাড়, ঠিকাদারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা এবং অর্থের চূড়ান্ত গন্তব্য অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।