রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের ওপারের তৎপরতা নিয়ে মাথাব্যথা নেই, এপারে অপতৎপরতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সমতল মাতৃভূমি ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

সহিংসতা মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা। রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সীমান্তের ওপারে কে কী করছে, তা বাংলাদেশের জানার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ পাবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সীমান্তের এপারে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর যেকোনো অপচেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করতে প্রস্তুত।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সম্প্রতি গোপালগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশাল মিছিল হয়েছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন। তবে এসব ঘটনা অত্যন্ত বিচ্ছিন্ন।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।

দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সহিংসতায় আহত বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে

সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার ঘটনায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙে গেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আহত সদস্যদের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, তাদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে।

শ্রমিক অসন্তোষে সংযম দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ওই ঘটনায় কোনো শ্রমিক আহত হননি এবং প্রাণহানির ঘটনাও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের দায়িত্বই হলো সম্ভাব্য অস্থিরতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। যেকোনো সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, এমন ধারণা থেকেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা সফল হবে না

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন।

তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এসব অপচেষ্টা সফল হবে না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।