রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালে বিদ্ধ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৮, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুখোশ-টুপি পরা দুর্বৃত্তদের গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা পেলেন অফিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় আবারও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা। গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাথায় ক্যাপ ও মুখে মুখোশ পরা দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা একটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তদের ছোড়া গুলিটি অফিসে থাকা একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে বিদ্ধ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে একই ধরনের গুলির ঘটনা ঘটে। সেদিন ওই কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

একই এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে বারবার গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগের ঘটনায় দুই কর্মচারী গুলিবিদ্ধ হওয়ার পর এবার আরেকটি প্রতিষ্ঠানে ঢুকে গুলি ছোড়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।