আবদুল আওয়াল মিন্টু
ফেনীতে নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে একটি হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু।
শুক্রবার তাঁর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো অনিয়ম, চাঁদাবাজি বা অপরাধের তথ্য সরাসরি জানাতে এ হটলাইন চালু করা হয়েছে।
অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে অভিযোগ করতে www.aamintoo.com ওয়েবসাইটে ভিজিট করা যাবে। মন্ত্রীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। হটলাইনে পাওয়া অভিযোগ গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এতে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমবে বলে আশা করছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জয়লাভ করেন আবদুল আওয়াল মিন্টু। নতুন মন্ত্রিসভায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
