মাত্র ১৫.১ ওভারে ১১৫ রানের লক্ষ্য ছুঁয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে টাইগাররা
মিরপুরে যেন ঝড় বইয়ে দিল বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার–বলে আগুনঝরা বোলিং আর ওপেনার তানজিম হাসান নাহিদ–এর বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানকে কার্যত গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ।
বুধবার শেরেবাংলা নগর ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম–এ অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা। এতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তামিমের ব্যাটে টি-টোয়েন্টি ঝড়- লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন তানজিদ হাসান তামিম। টি–টোয়েন্টির মেজাজে ব্যাট করে মাত্র ৩২ বলেই তুলে নেন ঝড়ো ফিফটি।
৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
অন্যদিকে সাবেক অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত ৩৩ বলে ২৭ রান করে আউট হন।
নাহিদের গতিতে পাকিস্তানের ব্যাটিং ধস
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই ছিল পাকিস্তান। কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তোলে তারা। কিন্তু এরপরই শুরু হয় ধস।
পরের ৪১ রান তুলতেই হারায় ৯ উইকেট! মাত্র ১৯ ওভারে ৭০ রানেই ৬ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে পাকিস্তান—বাংলাদেশের বিপক্ষে এত কম রানে আগে কখনও ৬ উইকেট হারায়নি তারা।
শেষ পর্যন্ত তরুণ পেসার নাহিদ রানার ভয়ংকর গতির সামনে টিকতে না পেরে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান।
নাহিদ রানা ৭ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
পাকিস্তানের হয়ে মিডল অর্ডার ব্যাটার ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন।
সিরিজে টাইগারদের দুর্দান্ত শুরু- নাহিদের আগুনে বোলিং আর তামিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে একপ্রকার উড়িয়ে দিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। এখন দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।
