উন্মুক্ত জায়গায় বসে আছেন মাদকাসক্তি নিরাময় হাসপাতালের রোগীরা। মঙ্গলবার কাবুলে। ছবি: এএফপি
আফগানিস্তানের রাজধানী কাবুলে মাদকাসক্তদের চিকিৎসায় নিয়োজিত একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। তালেবান সরকার এই হামলার জন্য পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
পাকিস্তান এমন অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে। তারা জানিয়েছে, সোমবার শুধু কাবুল এবং নানগারহার প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে সোমবার রাত ৯টার দিকে হামলা হয়। হাসপাতালটি ২ হাজার শয্যা বিশিষ্ট। হামলায় ভবনের বড় একটি অংশ ধসে গেছে।
এক্সে দেওয়া পোস্টে হামদুল্লাহ বলেন, নিহতের সংখ্যা এ পর্যন্ত ৪০০ জনে পৌঁছেছে। আরও প্রায় ২৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণ ও মরদেহ উদ্ধারের কাজ করছে।
হাসপাতালটির নিরাপত্তারক্ষী ওমিদ স্তানিকজাই এএফপিকে বলেন, হামলার আগে তিনি আকাশে যুদ্ধবিমানের টহল দেওয়ার শব্দ শুনেছিলেন। আশপাশে সামরিক ইউনিট আছে। যখন এই সামরিক ইউনিটগুলো বিমানটিকে লক্ষ্য করে গুলি চালায়, তখন বিমানটি বোমা বর্ষণ করে।
