পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। রাজধানীসহ সারাদেশে গড়ে তোলা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তার বলয়, যাতে ঈদযাত্রা ও উৎসব নির্বিঘ্ন রাখতে কোনো ধরনের ঝুঁকি না থাকে।
শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ। তিনি সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে কয়েকগুণ। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত র্যাব সদস্য। মাঠে রয়েছে কন্ট্রোল রুম, স্ট্রাইকিং ফোর্স, ফুট ও মোবাইল পেট্রোল, চেকপোস্ট, ভেহিক্যাল স্ক্যানার এবং উন্নত সিসিটিভি মনিটরিং ব্যবস্থা।
বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, ফেরিঘাটসহ জনসমাগমপূর্ণ সব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ও দিনাজপুর বড় ঈদগাহে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা—যেখানে থাকবে সুইপিং অপারেশন ও সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি।
শুধু মাঠেই নয়, ভার্চুয়াল জগতেও সক্রিয় র্যাব। ঈদকে কেন্দ্র করে গুজব, উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে ২৪ ঘণ্টা।
এছাড়া ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া নগরবাসীর বাসা-বাড়ি, অফিস ও শপিংমলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে, ঈদকে নিরাপদ ও আনন্দময় রাখতে র্যাব এবার মাঠে ও অনলাইনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
