বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাসে রাশিয়া ও চীনের ভেটো

অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ছবি : রয়টার্স

জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর হরমুজ প্রণালিকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি খসড়া প্রস্তাব শেষ পর্যন্ত ভেস্তে গেছে—কারণ, স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভেটো।
মঙ্গলবার অনুষ্ঠিত পরিষদের বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। তবে রাশিয়া ও চীন ভেটো প্রয়োগ করায় তা গৃহীত হয়নি। এ ছাড়া পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে বলে জানিয়েছে বিবিসি।

উপসাগরীয় দেশগুলোর উদ্যোগে আনা এই প্রস্তাবে হরমুজ প্রণালিতে সমন্বিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়। সপ্তাহজুড়ে আলোচনার পর প্রস্তাবটির ভাষায় একাধিক পরিবর্তন আনা হয়েছিল। শুরুতে এতে জাতিসংঘ সনদের ‘অধ্যায় ৭-এর অধীনে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিষয়টি থাকলেও পরে তা বাদ দেওয়া হয়। চূড়ান্ত খসড়ায় প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো জোরালোভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবুও সংশোধিত এই প্রস্তাবও শেষ পর্যন্ত ভেটোর দেয়ালে আটকে যায়।

সভায় সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ভোটের আগে তিনি বলেন, প্রস্তাবটি নতুন কোনো পরিস্থিতি তৈরি করার জন্য নয়; বরং ইরানের ধারাবাহিক শত্রুভাবাপন্ন আচরণের প্রেক্ষিতে এটি একটি জরুরি ও যৌক্তিক প্রতিক্রিয়া।

তিনি সতর্ক করে দেন, যদি গুরুত্বপূর্ণ এই জলপথকে রাজনৈতিক বা কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা ঠেকানো না যায়, তবে এর প্রভাব ভয়াবহ হতে পারে। এতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে এবং বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।