বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলগামী ফ্লাইটে মারামারিতে জড়ান ভারত-ওমানের পাইলট সহকারী পাইলট উড়োজাহাজটি বিধ্বস্তের চেষ্টা করেছিলেন বলে দাবি বেনিয়ামিন নেতানিয়াহুর।

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। বুধবার তেল আবিবে। ছবি: এএফপি

সৌদি আরবে অবতরণ করা ফ্লাইদুবাই এয়ারলাইনসের ফ্লাইটে ক্যাপ্টেন ছিলেন একজন ভারতীয় নাগরিক। ইসরায়েল যাওয়ার পথে মাঝ আকাশে তিনি সহকারী পাইলটের সঙ্গে মারামারিতে জড়ান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাইটটি ইসরায়েলের তেল আবিব যাওয়ার কথা ছিল।

বুধবার ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ইসরায়েলের কর্মকর্তারা ওয়াইনেটকে জানিয়েছেন, সহকারী পাইলট ছিলেন ওমানের নাগরিক। তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এতে বাধা দিতে গেলে পাইলট ও সহকারী পাইলটের মধ্যে মারামারি হয়।

এ ঘটনার পর ‘এফজেড ১০৭৩’ নম্বর ফ্লাইটটি দিক পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। পাইলটদের দুজনই আহত হয়েছেন।

মারামারির কারণ ও ফ্লাইট অবতরণ নিয়ে একাধিক বর্ণনা পাওয়া গেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইদুবাই এয়ারলাইনসের এক মুখপাত্র বলেছেন ঘটনার কারণ তারা জানেন না। অপরদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে ঘটনাটিকে ‘জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন।

ইসরায়েল কাৎজ বলেন, ‘এটি একটি গুরুতর জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা ছিল। বেশ কয়েকজন ইসরায়েলি যাত্রীর বীরত্বের কারণে হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে।’ তিনি আরও জানান, ওই যাত্রীরা জোর করে ককপিটে ঢুকে ‘সন্ত্রাসীকে’ পরাস্ত করেন। এরপর সেখানে আগে থেকেই উপস্থিত থাকা অতিরিক্ত ফ্লাইট ক্রু উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন।

এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সহকারী পাইলটকে সৌদি আরবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরেক পাইলটকে ছুরিকাঘাতের অভিযোগ আছে। সৌদির কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

নেতানিয়াহু পাইলটদের জাতীয়তা উল্লেখ করেননি। তিনি বলেন, সহকারী পাইলট উড়োজাহাজ বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম কান ও চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, পাইলটরা মারামারিতে জড়ানোর পর ‘ডিস্ট্রেস সিগন্যাল’ বা বিপদ সংকেত চালু হয়। এসব প্রতিবেদনে উড়োজাহাজটি ছিনতাইয়ের মুখে পড়ার আশঙ্কার কথাও বলা হয়েছিল।

এএফপি লিখেছে, মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটল। এছাড়া, অক্টোবরে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা। মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘নির্বাচনের আগে শত্রুরা হামলার চেষ্টা করতে পারে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে।’ এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।