রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল উগ্র হিন্দুত্ববাদীরা, ব্যারিকেড ভাঙার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৩, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ উপ-হাইকমিশন সংলগ্ন এলাকা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ করে তারা। বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার শিয়ালদহ রেলস্টেশন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর পাশাপাশি এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন। মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যাওয়ার আগেই সতর্ক অবস্থান নেয় কলকাতা পুলিশ।

মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করা হয়।

মিছিল আটকে দেওয়ার পর বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের তীব্র ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ও আয়োজকদের মধ্যে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ মিশনের অনুমতি সাপেক্ষে পাঁচজনের একটি প্রতিনিধিদলকে ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।