সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. হারুন চৌধুরী
অক্টোবর ২৫, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ইংরেজি ভীতি কাটিয়ে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ার আহ্বান, সম্মানিত ৭ কৃতি শিক্ষার্থী। ফাইল ছবি

ইংরেজি ভাষার প্রতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভীতি দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে ভাষা শেখার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, ভাষা কেবল কতিপয় শব্দের সমষ্টি নয়; বরং এটি মানুষের চিন্তা, উপলব্ধি ও ভাব প্রকাশের অন্যতম মৌলিক মাধ্যম। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে নিয়মিত ব্যবহারিক চর্চার মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক শিক্ষাক্ষেত্রে নিজেদের আরও এগিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) উপসচিব মো. মিজানুর রহমান বলেন, ভাষার মাধ্যমে মানুষ চিন্তা করে এবং নিজের ভাব প্রকাশ করে। বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব ও প্রভাব অনস্বীকার্য। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি সাবলীলভাবে কথা বলা ও লেখার চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, নিয়মিত চর্চার মাধ্যমে এই দক্ষতা অর্জন করা সম্ভব হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। ইংরেজি ভীতি কাটাতে পাঠ্যবই পড়ার পাশাপাশি ব্যবহারিক চর্চা বাড়াতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারে।

শিক্ষার্থীদের মেধার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে নিয়মিত বিরতিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মনিরা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, ভাষাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক ইমরান হোসেন ইরান এবং শিক্ষার্থী মাহমুদা আলম, ধ্রুব ও রাহাত। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী সাদমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করে স্বপ্নিল পাল।

আলোচনা সভা শেষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সাতজন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, উপহারসামগ্রী ও সম্মানী তুলে দেন অতিথিরা।

এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখায় আগ্রহী করে তোলা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং মেধা ও যোগ্যতার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।