শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিস্টা পাইক টেনিসিতে সব মৃত্যুদণ্ড স্থগিত ঘোষণা গভর্নরের

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

২০০১ সালের জানুয়ারিতে আদালতে দেখা যায় ক্রিস্টাকে। ছবি: সিএনএনের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ক্রিস্টা গেইল পাইক নামের এক নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চলতি বছর অঙ্গরাজ্যটিতে হতে যাওয়া সব মৃত্যুদণ্ড স্থগিত করেছেন গভর্নর বিল লি। গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার ৫০ বছর বয়সী ক্রিস্টার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। এ লক্ষ্যে তাকে প্রাণঘাতী ইনজেকশনের দুটি ডোজ প্রয়োগ করা হয়। কিন্তু ইনজেকশন প্রয়োগের পরও তার হৃৎস্পন্দন বন্ধ না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

টেনিসির গভর্নর বিল লি

এ ঘটনার পর অঙ্গরাজ্যটিতে সব মৃত্যুদণ্ড স্থগিতের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার গভর্নর বিল লি বলেন, ‘‘বুধবার কর্তৃপক্ষের কোথায় ভুল হয়েছিল, সে বিষয়ে একটি ‘বিস্তৃত ও তৃতীয় পক্ষের পর্যালোচনা’র শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, আইনসম্মতভাবে আরোপিত সাজা কার্যকর করা অঙ্গরাজ্যের সবচেয়ে গুরুতর দায়িত্বগুলোর একটি। টেনেসির জনগণ প্রত্যাশা করে, এটি এমনভাবে করা হবে, যা শুধু আইনি ও সাংবিধানিকই নয়, বরং কার্যকরও হবে।

১৯৯৬ সালে টেনেসি জব কর্পসের ১৯ বছর বয়সী শিক্ষার্থী কলিন স্লেমারকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে আছেন ক্রিস্টা পাইক। বুধবার তার মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে আপিল আদালতের শেষ মুহূর্তের একটি রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্ট। ওই রায়ে সুপ্রিম কোর্টের তিন বিচারপতি কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন, সোনিয়া সোটোমেয়র ও এলেনা কাগান ভিন্নমত পোষণ করেছিলেন।

বুধবার আদালতে জমা দেওয়া নথিতে পাইকের আইনজীবীরা লেখেন, টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনস তাকে দুই সিরিঞ্জ পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়ার পরও তিনি বেঁচে ছিলেন। আইনজীবীদের দাবি, ‘মৃত্যুদণ্ড কার্যকরের এ ব্যর্থ চেষ্টা পাইককে অপ্রয়োজনীয় যন্ত্রণা দিচ্ছে, যা নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি থেকে মুক্ত থাকার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

অঙ্গরাজ্যটির ডিপার্টমেন্ট অব কারেকশনস এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতে ওই আসামিকে বাইরের একটি চিকিৎসাকেন্দ্রে (হাসপাতালে) স্থানান্তর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যাটর্নি জেনারেলের কার্যালয় অনুমোদিত মৃত্যুদণ্ড কার্যকরের আইনি ও সুপ্রতিষ্ঠিত প্রোটোকলের প্রতিটি ধাপ অনুসরণ করেছে। ইনজেকশনের রাসায়নিক ধারাবাহিকভাবে কার্যকর হয়েছে, এর বাইরে অতিরিক্ত কোনো পদ্ধতির অনুমতি প্রোটোকলে নেই।

গত এক বছরে এ নিয়ে দ্বিতীয়বার টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ হলো। এর আগে গত মে মাসে ইনজেকশন প্রোটোকল অনুসরণ করতে না পারায় টনি ভন ক্যারুদার্স নামের আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া বাতিল করে তা এক বছরের জন্য স্থগিত করা হয়।

এ ব্যর্থতার পর টেনেসির সিনেটর ও আসন্ন নির্বাচনে গভর্নর পদপ্রার্থী মার্শা ব্ল্যাকবার্ন মৃত্যুদণ্ড কার্যকর ব্যবস্থার ভিন্ন এক বিধানের কথা বলেছেন। বৃহস্পতিবার এই রিপাবলিকান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘কী ঘটেছিল এবং কেন এ প্রক্রিয়া ব্যর্থ হলো, তার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হওয়া উচিত। তবে সমাধানটি সহজ। ইলেকট্রিক চেয়ার ফিরিয়ে আনুন এবং ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করুন। আপনাদের গভর্নর হিসেবে আমি ঠিক সেটাই করব।

চলতি বছর অঙ্গরাজ্যটিতে আরও একটি মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল, যা গভর্নরের নতুন আদেশের ফলে স্থগিত হয়ে গেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।