রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে ওসি-ডিসির পর সরানো হল এডিসিকেও

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের পর পুলিশের গুলশান বিভাগের এডিসি মো. সারোয়ার হোসাইনকেও সরানো হল।

শনিবার ডিএমপির এক আদেশে সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়। আর ডিবির এডিসি মো. আমিনুল হক বাপ্পীকে গুলশানে দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনে ও মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের বদলি করা হয়।

গত বুধবার কয়েক ঘণ্টার ব্যবধানে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, সেদিন দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়েন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়। মামলায় এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।