খন্দকার নাইম আহমেদ টিটন
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি অডিও রেকর্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যাতে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মামলার বাদী ও নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ এপ্রিল রাতে টিটনকে হত্যার পর শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল একটি অডিও ছড়িয়ে ঘটনাটিকে পারিবারিক বিরোধ হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের ১১ ভাই-বোনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সম্পর্ক অত্যন্ত ভালো।
পরিবারের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এলাকায় আধিপত্য বিস্তার এবং কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব। রিপন জানান, মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রভাব বিস্তারের অংশ হিসেবেই টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অডিও রেকর্ডের সত্যতা যাচাইয়ের দাবিতে তিনি বলেন, আমি নিজে আমার ফোন ফরেনসিক পরীক্ষার জন্য দিতে প্রস্তুত। পাশাপাশি পিচ্চি হেলালের ব্যবহৃত সব মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হোক।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এমনকি হত্যার আগে টিটন নিজেও হুমকির বিষয়টি পরিবারকে জানিয়েছিলেন বলে দাবি করা হয়।
নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে মামলার বাদী হিসেবে নিজের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রিপন।
