বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ডিউটি নেই, তবু বেতন-রেশন চলছেই—প্রভাবশালী ছত্রছায়ায় ফায়ার ফাইটার সাদ্দামের দাপট,ক্ষোভে ফুঁসছে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার
মে ১৯, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার সাদ্দামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা ও রেশন সুবিধা গ্রহণ, বদলি বাণিজ্য এবং প্রশাসনিক প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে বিভিন্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার ফাইটার জানান, হাজারীবাগ ফায়ার স্টেশনে কর্মরত থাকাকালে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিজের চাকরি রক্ষার স্বার্থে সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে তিনি পরিচালক প্রশাসনের ঘনিষ্ঠতা ব্যবহার করে লালবাগ ফায়ার স্টেশনে সংযুক্তি নেন।

অভিযোগ রয়েছে, লালবাগে কর্মরত থাকাকালেও তিনি নিয়মিত ডিউটি না করে অধিকাংশ সময় সচিবালয়ে অবস্থান করতেন। এ বিষয়ে কেউ প্রশ্ন তুললে পরিচালক প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ পাওয়া গেছে।

পরবর্তীতে লালবাগ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে মহাপরিচালক (ডিজি) তাকে নেত্রকোনায় বদলি করেন। তবে অভিযোগ অনুযায়ী, নেত্রকোনায় যোগদানের পরও তিনি সেখানে স্থায়ীভাবে দায়িত্ব পালন করেননি। বরং পরিচালক প্রশাসনের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তাকে টঙ্গী ফায়ার স্টেশনে নিয়ে আসা হয়। সেখানেও একের পর এক বিতর্কের জন্ম হলে পরবর্তীতে তাকে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়।

সূত্রের দাবি, পলাশী ব্যারাকে যোগদানের পর টানা ছয় মাসেও তিনি একদিনের জন্য অফিসে উপস্থিত হননি। অথচ পরিচালক প্রশাসনের নির্দেশে তার বেতন-ভাতা ও রেশন নিয়মিতভাবে উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেশনের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমার কিছু করার নেই। পরিচালক প্রশাসন স্যার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে যেন আমার সমস্যা না হয়, তাই রোল কলে তার অনুপস্থিতির ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রেখেছি। অফিসের সবাই এ বিষয়ে সাক্ষ্য দিতে পারবে।

তিনি আরও বলেন, একজন কর্মচারী বছরের পর বছর ডিউটি না করেও কীভাবে বেতন-রেশন পান, তা আমাদের বোধগম্য নয়।

অভিযোগকারী ফায়ার সার্ভিস সদস্যদের দাবি, পরিচালক প্রশাসন ও সচিবালয়ের কিছু প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক থাকার সুযোগে সাদ্দাম নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, ঘুষ লেনদেনসহ নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন।

এদিকে হাজারীবাগ, লালবাগ, টঙ্গী ও পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের একাধিক কর্মকর্তা-কর্মচারী সাদ্দামের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত ফায়ার ফাইটার সাদ্দাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আইন-আদালত সর্বশেষ