ফাইল ছবি
রাজধানীর কলাবাগান এলাকায় দুই ভাইয়ের তুচ্ছ বাকবিতণ্ডা শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। লোহার ভারী বস্তু দিয়ে আঘাতে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী। এ ঘটনায় তার ১৬ বছর বয়সী ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিটের ২৭২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে দুই ভাই একসঙ্গে ভাড়া থাকত। নিহত শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এবং তার ছোট ভাই দশম শ্রেণির ছাত্র। তাদের বাবা কানাডাপ্রবাসী এবং মা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসারে বসবাস করেন। বাবা-মা ছাড়া দুই ভাইই ওই বাসায় থাকত। একসঙ্গে চলাফেরা ও খেলাধুলা করলেও ভাগ্যের নির্মম পরিহাসে সেই সম্পর্কই শেষ পর্যন্ত রক্তাক্ত ঘটনায় পরিণত হয়।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বাসায় দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বড় ভাই ছোট ভাইকে মারতে উদ্যত হয় বলে জানিয়েছে পুলিশ। তখন ছোট ভাই ঘরে থাকা ব্যায়ামের ভারী লোহার বস্তু (ডাম্বল) দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ঘটনাটি জানতে পেরে প্রতিবেশীরা দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিল ছোট ভাইও। তবে চিকিৎসকরা রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে ছোট ভাই হাসপাতাল থেকে বাসায় ফিরে যায়।
কলাবাগান থানার ওসি ফজেল আশিক জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা রিয়াদুস সালেহীন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নিহতের ছোট ভাইকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাইয়ের জীবনে মুহূর্তের উত্তেজনা যে এত বড় মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করেননি প্রতিবেশীরা। কলাবাগানের এই ঘটনা এলাকায় শোক ও বিস্ময়ের জন্ম দিয়েছে।
