ভোরের প্রথম আলো ফোটার আগেই যে হাতগুলো জেগে ওঠে, যে মানুষগুলো নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের সংসারকে পরিপাটি ও নিরাপদ রাখে, তারা আমাদের ঘরের মানুষ হয়েও সমাজের চোখে প্রায় অদৃশ্য। তারা করুণা নয়, প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও অধিকার চায়।

আজ আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবসে আসুন স্মরণ করি—গৃহশ্রমিক কোনো পরিচারক নয়, কোনো নির্দেশের নাম নয়; তিনি একজন মানুষ, একজন শ্রমিক, একজন স্বপ্নবাহী নাগরিক।

যে শিশুর হাতে থাকার কথা ছিল রঙিন পেন্সিল, সেখানে যদি থাকে পানির বালতি; যে নারীর চোখে থাকার কথা ছিল ভবিষ্যতের স্বপ্ন, সেখানে যদি জমে থাকে নীরব নির্যাতনের অশ্রু—তবে শুধু একজন মানুষের নয়, একটি জাতির বিবেকও আহত হয়।

মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া কোনো দয়া নয়, এটাই সভ্যতার প্রথম শর্ত।

আসুন, গৃহশ্রমিকদের জন্য চাই, আইনি স্বীকৃতি , ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, নিরাপদ কর্মপরিবেশ, বিশ্রাম ও অভিযোগ জানানোর অধিকার, শিশুশ্রমমুক্ত ভবিষ্যৎ।যেন একদিন ‘গৃহশ্রমিক’ শব্দটি শুনলে করুণা নয়, জেগে ওঠে সম্মান, কৃতজ্ঞতা ও মানবিকতার অনুভূতি।
