শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ পালন করবে তালেবান

অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: হিন্দুস্তান টাইমস

আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে তালেবান। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান যোগাযোগের মধ্যে এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে আফগান দূতাবাসে তালেবানের চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর এই ‘সেলিব্রেশন অ্যান্ড রিসেপশন’-এর আয়োজন করছেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, আফগান প্রবাসী এবং গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

২০২১ সালের আগস্টে তৎকালীন আশরাফ গনি সরকারকে সরিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর এই প্রথম ভারতে তালেবানের পক্ষ থেকে প্রকাশ্যে এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, তালেবানের আয়োজন করা সংবর্ধনাটি ২০২১ সালের আগে নয়াদিল্লিতে আফগান দূতাবাস থেকে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মতোই হবে। তবে এবারের আয়োজনের বিশেষত্ব হলো, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ভারতে এটিই তাদের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারের ঠিক কোন পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতসহ অধিকাংশ দেশ এখনো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে অনুষ্ঠানে কূটনৈতিক প্রতীক ব্যবহারের বিষয়েও নয়াদিল্লি সতর্ক নজর রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বিশেষ করে অনুষ্ঠানে কোন পতাকা ব্যবহার করা হয়, সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে নূর আহমেদ নূরকে ভারতে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত কয়েক মাসে নয়াদিল্লিতে বিভিন্ন দেশের আয়োজিত কূটনৈতিক অনুষ্ঠানে নূর আহমেদ নূরকে দেখা গেছে। তবে সাধারণত আড়ালে থাকা এই তালেবান কূটনীতিকের জন্য ১৭ আগস্টের অনুষ্ঠানটি হবে বড় ধরনের প্রথম প্রকাশ্য কূটনৈতিক সম্পৃক্ততা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।