রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১০, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

মতিঝিলে ক্রীড়া পরিদপ্তরের সামনে বিক্ষোভ। পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে সিদ্ধান্ত, রাজধানীর সাতমসজিদ সড়ক ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষা শুরুর মাত্র কয়েক মুহূর্ত আগে স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এক চাকরিপ্রার্থী বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই তা বাতিল করা হয়। তিনি বলেন, ‘শুনেছি প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

এদিকে, নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক। তিনি জানান, নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত এবং পরবর্তী সময়ে পরীক্ষার্থীদের সড়ক অবরোধের ঘটনায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য বা তদন্তের অগ্রগতি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।