বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মে ৭, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

“দুধ-মাংস উৎপাদন প্রকল্প” ঘিরে ঘুষ, সিন্ডিকেট ও পছন্দের লোক নিয়োগের বিস্ফোরক তথ্য ফাঁস।

সরকারের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যেন থামছেই না। এবার অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি বৃহৎ প্রকল্পকে ঘিরে, যেখানে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির নামে পরিচালিত কর্মসূচির আড়ালে চলছে কথিত কোটি টাকার নিয়োগ বাণিজ্য।

আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগকে কেন্দ্র করে ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার এবং পছন্দের ব্যক্তিদের চাকরি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে প্রকল্প-সংশ্লিষ্টদের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো.শফিকুর রহমান।

নিয়োগের আড়ালে কোটি টাকার লেনদেন-অনুসন্ধানে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নের জন্য সাতটি পদে মোট ১৩১ জন জনবল নিয়োগের প্রয়োজন হয়। এ নিয়োগ কার্যক্রম টেন্ডারের মাধ্যমে দেওয়া হয় ‘ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিস প্রাইভেট লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।

তবে অভিযোগ উঠেছে, পুরো নিয়োগ প্রক্রিয়াই ছিল পূর্বপরিকল্পিত এবং অর্থ বাণিজ্যনির্ভর। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, চাকরি প্রত্যাশীদের কাছ থেকে পদভেদে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
গড়ে সাড়ে তিন লাখ টাকা হিসাবে ১৩১ জনের কাছ থেকে প্রায় ৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এই বিপুল অর্থের একটি অংশ সরাসরি প্রকল্প পরিচালকের কাছেও পৌঁছেছে।

পছন্দের লোক নিয়োগের অভিযোগ-শুধু অর্থ লেনদেনই নয়, প্রকল্প পরিচালকের ব্যক্তিগত পছন্দের অন্তত ১৩ জনকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, এতে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, আর সুবিধা পেয়েছে একটি বিশেষ সিন্ডিকেট। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠেছে।
‘নোটিশ অব অ্যাওয়ার্ড’ থেকেই শুরু অনিয়মের অভিযোগ

জানা গেছে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর প্রকল্প পরিচালকের স্বাক্ষরিত ‘নোটিশ অব অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়। এরপর থেকেই নিয়োগকে কেন্দ্র করে শুরু হয় কথিত তদবির, অনিয়ম ও আর্থিক লেনদেনের মহোৎসব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মো. শফিকুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন,
নিয়োগ কার্যক্রম সম্পূর্ণভাবে ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে হয়েছে।

তবে সংশ্লিষ্টদের প্রশ্ন—যদি পুরো প্রক্রিয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনেই হয়ে থাকে, তাহলে প্রকল্প পরিচালকের ঘনিষ্ঠ ও পছন্দের ব্যক্তিরা কীভাবে নিয়োগ পেলেন? আর কোটি টাকার কথিত ঘুষ বাণিজ্যের অভিযোগই বা কেন উঠছে?

ছোট অফিস, বড় প্রশ্ন-দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিস প্রাইভেট লিমিটেড’-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে রাজধানীর তেজগাঁও এলাকার একটি ছোট অফিস থেকে। প্রতিষ্ঠানটির মালিক আতিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, তার এই নীরবতা অভিযোগকে আরও শক্তিশালী করছে।

আগেও ছিল অনিয়মের অভিযোগ ছিল। তবে বিশ্বস্ত
সূত্র আরও জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরেই অধিদপ্তরে প্রভাব বিস্তার করে আসছেন। অদৃশ্য শক্তির প্রভাবে শাস্তির মুখোমুখি হতে হয়নি।

এমনকি অনিয়মের প্রতিবাদ করলেই কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদ প্রকাশ ঠেকাতে চাপের অভিযোগ আলোচনার কেন্দ্রে। তবে এই অনিয়মের তথ্য অনুসন্ধান ও সংবাদ প্রকাশ ঠেকাতে প্রতিবেদকের ওপর চাপ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বিষয়টি গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য প্রকাশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সুশাসন বিশ্লেষকদের উদ্বেগ-সুশাসন বিশ্লেষকদের মতে, সরকারের উন্নয়ন প্রকল্পে যদি এভাবে নিয়োগ বাণিজ্য, ঘুষ ও দুর্নীতি চলতে থাকে, তাহলে প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং পুরো নিয়োগ প্রক্রিয়া প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন।

এখন প্রশ্ন উঠেছে—প্রাণিসম্পদ খাতের উন্নয়নের নামে পরিচালিত এই প্রকল্প কি সত্যিই জনস্বার্থে পরিচালিত হচ্ছে, নাকি এটি পরিণত হয়েছে প্রভাবশালী সিন্ডিকেটের কোটি টাকা লুটপাটের নতুন ক্ষেত্র?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।