সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বালোগানের জোড়া আঘাতে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক
জুন ১৩, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি- এএফপি

ঘরের মাঠে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের যাত্রা এর চেয়ে রঙিন আর হতে পারত না যুক্তরাষ্ট্রের জন্য। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে দুর্দান্ত সূচনা করেছে সহ-স্বাগতিক মার্কিনরা। ফোলারিন বালোগানের চোখধাঁধানো জোড়া গোল, প্রতিপক্ষের আত্মঘাতী ভুল এবং শেষ মুহূর্তে জিওভানি রেইনার দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের ঝড় তোলে যুক্তরাষ্ট্র। মাত্র ৭ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির দুর্দান্ত দৌড় ও ক্রিশ্চিয়ান পুলিসিকের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসিংয়ের পর বক্সে কাটব্যাক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। ফলে বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের নামে লেখান তিনি।

প্রথম গোলের পর আরও ভয়ংকর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ২৮ মিনিটে ফোলারিন বালোগান বল জালে জড়ালেও পুলিসিক অফসাইডে থাকায় ভিএআরের সিদ্ধান্তে গোল বাতিল হয়। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর, ৩১ মিনিটে পুলিসিকের নিখুঁত পাস থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বালোগান।

এরপরও আক্রমণের ধার অব্যাহত রাখে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে মালিক টিলম্যানের অসাধারণ থ্রু-পাস ধরে বক্সে ঢুকে বুলেটগতির শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন বালোগান। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক লিড নিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলতে শুরু করে প্যারাগুয়ে। ৫০ মিনিটে নাটকীয় এক ঘটনায় মিগুয়েল আলমিরনক ফাউল করার অভিযোগে প্রথমে যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিমকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিএআর রিপ্লেতে দেখা যায়, কোনো স্পর্শ ছাড়াই ডাইভ দিয়েছেন আলমিরন। ফলে সিদ্ধান্ত বদলে রিমের কার্ড বাতিল করে উল্টো আলমিরনকেই হলুদ কার্ড দেখানো হয়।

ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে ফেরার ইঙ্গিত দেয় প্যারাগুয়ে। গোলরক্ষকের লম্বা পাস থেকে বল পেয়ে আলমিরনের পাসে এনসিসো আক্রমণ গড়ে দেন। সেখান থেকে বদলি খেলোয়াড় মাউরিসিও নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান।

তবে শেষ হাসিটা ছিল যুক্তরাষ্ট্রেরই। যোগ করা সময়ে ফ্রিম্যানের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন বদলি মিডফিল্ডার জিওভানি রেইনা। তার সেই দৃষ্টিনন্দন গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বিশ্বকাপ মিশন রাঙিয়ে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের মঞ্চে এই দাপুটে পারফরম্যান্সে স্পষ্ট বার্তা দিয়ে দিল পচেত্তিনোর দল—শুধু আয়োজক নয়, শিরোপার লড়াইয়েও তারা হতে পারে অন্যতম শক্তিশালী দাবিদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।