বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের সঙ্গে আমাদের ব্যবধান কমে এসেছে: জাপান কোচ

স্পোর্টস ডেস্ক
জুন ৩০, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিলের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেও শেষ রক্ষা হয়নি জাপানের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ২-১ গোলে হেরে শেষ ৩২ থেকে বিদায় নিতে হয়েছে ব্লু সামুরাইদের। তবে দলের পরাজয়েও আক্ষেপ নেই জাপানের কোচ হাজিমে মরিয়াসুর। তার দাবি, ব্রাজিলের মতো পরাশক্তির সঙ্গে জাপানের শক্তির ব্যবধান আগের চেয়ে অনেকটাই কমে এসেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, ‘ব্রাজিলের সঙ্গে আমাদের ব্যবধান স্পষ্টভাবে অনেকটাই কমে এসেছে। আমার মনে হয়েছে, জাপান বিশ্বের শীর্ষ পর্যায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

তবে আক্রমণভাগ ও রক্ষণভাগে আরও উন্নতি করার সুযোগ দেখছেন জাপান কোচ। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমরা হেরেছি। এর অর্থ এখনও কিছু ব্যবধান রয়ে গেছে। ম্যাচে আমরা লিড অনেকক্ষণ ধরে রাখতে পেরেছি এবং প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণও সামলেছি। কিন্তু জিততে হলে আক্রমণ ও রক্ষণ, দুই বিভাগেই আরও উন্নতি করতে হবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে ২৯ মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও ৫৬ মিনিটে কাসেমিরোর করা গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা ৬ মিনিটের পঞ্চম মিনিটে ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তেনেল্লি। বদলি খেলোয়াড় হিসেবে নামা মার্তিনেল্লির সেই গোলেই ২-১ ব্যবধানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে এশিয়ান জায়ান্টদের।

হাজিমে মরিয়াসু বলেন, ‘টুর্নামেন্ট এখানেই শেষ করতে হচ্ছে, এটা সত্যিই অত্যন্ত হতাশাজনক। বিশ্বকাপ জেতাই ছিল আমাদের স্বপ্ন, আমাদের মূল লক্ষ্য। তবে সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। এজন্য প্রধান কোচ হিসেবে আমি খেলোয়াড়দের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি তাদের সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি।’

এ নিয়ে অষ্টমবার বিশ্বকাপ খেলল জাপান। এর মধ্যে টানা তিনবার খেলেছে নকআউট। কিন্তু কোনো আসরে নকআউটের বাধা পেরোতে পারেনি দলটি। অন্যদিকে ২০০২ বিশ্বকাপের পর কোনো আসরে নকআউটের ম্যাচে শুরুতে পিছিয়ে গিয়ে আর জিততে পারেনি ব্রাজিল। তবে জাপানের বিপক্ষে সেই অস্বস্তির রেকর্ড ভেঙে জয়ে ফিরেছে সেলেসাওরা।

ব্রাজিলের কাছে হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট জাপান কোচ। তিনি বলেন, ‘খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে তারা প্রতিদিন নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কোচিং স্টাফও সর্বোচ্চ সমর্থন দিয়েছে। ফলাফল হতাশাজনক হলেও আমি তা মেনে নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।