রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. আবদুর রাজ্জাক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। ফাইল ফটো

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

ড. আবদুর রাজ্জাক বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) পরিচালক। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ড. আবদুর রাজ্জাক। সেখানে তিনি হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি হিসেবেও কাজ করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন তিনি।

অর্থনীতি, উন্নয়ন, বাণিজ্যনীতি ও জননীতি নিয়ে দেশ-বিদেশে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে ড. আবদুর রাজ্জাকের। সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে গবেষণা ও নীতিগত কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি।

বাংলাদেশের এলডিসি উত্তরণ ও পরবর্তী সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে তাঁর গবেষণা ও নীতিবিষয়ক কাজ রয়েছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের নীতি গবেষণাতেও যুক্ত ছিলেন তিনি।

বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ড. আবদুর রাজ্জাকের। জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপে একাধিকবার কারিগরি উপস্থাপন করেছেন তিনি। যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটির সামনেও বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের জন্য আমন্ত্রিত হয়েছেন।

ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকটি প্রবৃদ্ধি ও রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে শক্তিশালী সুশাসন ও কৌশলগত তদারকি গুরুত্বপূর্ণ। ড. রাজ্জাকের গবেষণা, উন্নয়ন, শিক্ষা ও নীতিনির্ধারণী অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. আবদুর রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন বই, গবেষণা নিবন্ধ ও নীতিপত্রের লেখক।

২০০১ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অর্থায়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্যাংকটির ৩১২টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।