ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে রাস্তার পাশ থেকে মানুষের মাথার খুলিসহ কঙ্কালের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে কাদেরাবাদ হাউজিং এলাকায় ওই হাড়গুলো পাওয়া যায়। কীভাবে সেগুলো ওখানে এল তা জানা যায়নি।
মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান সরকার জানান, কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর রোডের সি–ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মানুষের হাড়গোড় সদৃশ বস্তু দেখতে পান পথচারীরা। পরে বিকেল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল দেওয়া হয়। এরপর মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানুষের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের কিছু হাড় উদ্ধার করে। উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। কঙ্কালটি পুরুষ না নারীর এবং এটি কতদিন আগের তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, হাড়–খুলি দেখে মনে হয়েছে সেগুলো অনেকদিনের পুরোনো। এ বিষয়ে স্থানীয় কেউ কোনো তথ্য দিতে পারেননি। আশপাশে কোনো সিসি ক্যামেরাও নেই।
