বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের বুকে যেন এক টুকরো ইরান! ভোররাতে তেহরানের জাগরণ, বিশ্বকাপে ইরানের ম্যাচ ঘিরে উন্মাদনা

আন্তর্জাতিক ডেস্ক
জুন ১৬, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

সমর্থকদের একাংশ। মঙ্গলবার ভোরে তেহরানে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের আসর, আর সেই আসরে নিজেদের প্রথম ম্যাচ দেখতে যেন রাতভর জেগে ছিল পুরো তেহরান। নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের ম্যাচটি স্থানীয় সময় শুরু হয় ভোর সাড়ে ৪টায়। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও তেহরানের বিভিন্ন ক্যাফে ছিল ফুটবলপ্রেমীদের পদচারণায় মুখর।

রাজধানীর একটি ক্যাফেতে প্রায় ৪০ জন সমর্থক জড়ো হয়ে আলোচনা করছিলেন—যুদ্ধের ছায়া, রাজনৈতিক টানাপোড়েন আর নানা অনিশ্চয়তার মাঝেও বিশ্বকাপে কতদূর যেতে পারবে তাদের প্রিয় দল। সেই আড্ডায় ছিলেন নারী-পুরুষ উভয়ই।

বড় পর্দায় খেলা দেখেন তেহরানের বাসিন্দারা। ছবি: এএফপি

জাতীয় পতাকার রঙের রিস্টব্যান্ড পরা ২১ বছর বয়সী শিবা শরিফি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, আমি ও আমার বন্ধুরা বিশ্বাস করি, ইরান পরের ধাপে উঠতে পারবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক ঘোষণার মাত্র একদিন পরই অনুষ্ঠিত হয় এই ম্যাচ। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ইরানের জাতীয় পতাকা ওড়ার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ধারাভাষ্যকার। উচ্ছ্বাসভরা কণ্ঠে তিনি বলে ওঠেন,  ওহ মাই গড, লস অ্যাঞ্জেলেসের ঠিক মাঝখানে আমাদের পতাকা।

গোলের পর উদযাপন করেন রামিন রেজাইয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ছবি: এএফপি

তবে স্টেডিয়ামের গ্যালারিতে শুধু বর্তমান সরকারের সমর্থকরাই ছিলেন না; উপস্থিত ছিলেন শাসনব্যবস্থার বিরোধীরাও। তারা বহন করছিলেন ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের ইরানি পতাকা। এ কারণে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে গ্যালারির দৃশ্য খুব কমই দেখানো হয়।

রাজনীতির এই বিভাজনের মাঝেও শিবা শরিফির প্রত্যাশা ছিল একটাই, ফুটবল ও রাজনীতিকে আলাদা রাখা উচিত। এই দুই বিষয়ের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়।

সমর্থকদের একাংশ। মঙ্গলবার ভোরে তেহরানে। ছবি: এএফপি

ম্যাচের ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে এগিয়ে যায় ইরান। পরে নাটকীয় লড়াই শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ইরানের সমতাসূচক গোলের সঙ্গে সঙ্গে তেহরানের ক্যাফেগুলোতে শুরু হয় উল্লাসের বিস্ফোরণ। কেউ একে অপরকে জড়িয়ে ধরেন, কেউ নাড়াতে থাকেন জাতীয় পতাকা।

ভোরের নিস্তব্ধতা ভেঙে তখন তেহরান যেন একটাই বার্তা দিচ্ছিল—বিশ্বকাপের মঞ্চে, যুক্তরাষ্ট্রের বুকে, ফুটবলই আবার এক করেছে সমগ্র ইরানকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।