বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সম্পদের উৎস অনুসন্ধানে দুদক, ঢাকা-টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে বাড়ি-ফ্ল্যাট, জমি, গাড়ি ও ব্যাংকে বিপুল অর্থের অভিযোগ। ফাইল ছবি

রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিম ও তাঁর কথিত স্ত্রী টাঙ্গাইলের লিজা রহমানকে ঘিরে প্রায় ৪০ কোটি টাকার সম্পদের অভিযোগ সামনে এসেছে। ঢাকা, টাঙ্গাইল ও রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট, জমি, গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যাংক হিসাবে বিপুল অর্থের মালিক হওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সরকারি চাকরিজীবী একজন প্রকৌশলী এবং নির্দিষ্ট আয়ের উৎস না থাকার অভিযোগ থাকা এক নারীর বিপুল সম্পদের উৎস কী—এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

অভিযোগের বিষয়টি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত আবেদন করেছেন শারমিন আক্তার দোলন নামের এক নারী। অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কার্যালয়েও পাঠানো হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলের দুটি স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের সম্পদ ও আয়ের উৎস নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়।

গণমাধ্যমে প্রকাশিত এসব সংবাদ এবং উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে লিজা রহমান ও আনোয়ারুল আজিমের সম্পদের উৎস অনুসন্ধানে দুদক তৎপর হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের একাধিক সূত্র দাবি করেছে। তবে তদন্তের অগ্রগতি, অনুসন্ধানের পরিধি এবং সম্পদের প্রকৃত পরিমাণ সম্পর্কে কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্বল্প আয়ের জীবন থেকে বিপুল সম্পদের মালিক—উঠছে নানা প্রশ্ন

শারমিন আক্তার দোলনের লিখিত অভিযোগে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী হিসেবে পরিচিত লিজা রহমানের সরকারি কোনো বড় পদে চাকরি কিংবা পরিচিত কোনো ব্যবসায়িক গ্রুপের মালিকানা নেই। তাঁর সুনির্দিষ্ট আয়ের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে। অথচ অভিযোগ অনুযায়ী, অল্প সময়ের ব্যবধানে তিনি দেশে বিভিন্ন স্থানে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

অভিযোগে লিজা রহমানের পরিচয় দেওয়া হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার বাসিন্দা হিসেবে। একসময় স্বল্প বেতনে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে তিনি নামে-বেনামে প্রায় শত কোটি টাকার সম্পদের মালিক—এমন দাবি করেছেন অভিযোগকারী ও স্থানীয় একাধিক ব্যক্তি। তবে লিজা রহমান নিজেই তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে স্বীকার করেছেন। তাঁর দাবি, সম্পদের তথ্য আয়কর নথিতে উল্লেখ রয়েছে এবং জীবনের দীর্ঘ সময়ের সঞ্চয় ও ব্যাংকঋণের মাধ্যমে এসব সম্পদ গড়ে তুলেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, সম্পদের উৎস নিয়ে এলাকায় আলোচনা শুরু হওয়ার পর লিজা রহমানের সঙ্গে তাঁর মা ও সহোদর ভাইবোনদের বিরোধ তৈরি হয়। তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরের ঘটনাও অভিযোগকারীর বক্তব্যে উঠে এসেছে। এসব মামলার উদ্দেশ্য ও অভিযোগের সত্যতা অবশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আনোয়ারুল আজিমের সঙ্গে সম্পর্ক ঘিরে আলোচনা

স্থানীয়দের দাবি, লিজা রহমানের সঙ্গে রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁকে বিভিন্ন মহলে কথিত স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া আব্দুর রহমানসহ আরও কয়েকজনকে স্বামী পরিচয়ে উপস্থাপনের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, আনোয়ারুল আজিমের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে লিজা রহমানের সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি বেড়েছে। তাঁদের দাবি, প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের পর থেকেই তাঁর জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। তবে তাঁদের বৈবাহিক সম্পর্ক, সম্পদ অর্জনে পরস্পরের ভূমিকা কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে এখনো নির্ভরযোগ্য প্রামাণ্য তথ্য প্রকাশ্যে আসেনি।

গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাতে জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের নিম্নবিত্ত পরিবারের সন্তান লিজা রহমান ওরফে লিজা তালুকদার। আজমত তালুকদারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি দ্বিতীয়। একসময় পরিবারের আর্থিক সংকটের মধ্যে তাঁর বেড়ে ওঠা। পরবর্তী সময়ে বিয়ে, দাম্পত্য বিচ্ছেদ এবং গার্মেন্টসে চাকরির মধ্য দিয়ে তাঁর জীবন এগিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অভিযোগকারীর দাবি, পরবর্তী সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লিজা রহমানের আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। তাঁর সম্পদ অর্জনের প্রকৃত উৎস এবং আনোয়ারুল আজিমের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগে উঠে এসেছে যেসব সম্পদের বিবরণ

শারমিন আক্তার দোলনের লিখিত অভিযোগে লিজা রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সম্পদ, জমি, ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও স্বর্ণালংকারের বিবরণ তুলে ধরা হয়েছে। অভিযোগে উল্লেখিত সম্পদের তালিকা হলো—

ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাট:

১. হাউস নম্বর–৫৬, রোড নম্বর–৭/এ, ধানমন্ডি, ঢাকা, আরবান লাগুন; ২বি ফ্ল্যাট (মূল্য আনুমানিক ১.৫ কোটি টাকা), রেজিস্ট্রি ২০২৫ সালে, লিজা রহমানের নামে।

২. একই ভবনের ৩বি ফ্ল্যাট (মূল্য আনুমানিক ১.৫ কোটি টাকা), রেজিস্ট্রি ২০২৬ সালে, রবিউল হাসানের নামে; তিনি লিজা রহমানের পুত্র।

৩. একই ভবনের ৩সি ফ্ল্যাট (মূল্য আনুমানিক ২.৫ কোটি টাকা), রেজিস্ট্রি ২০২১ সালে, রবিউল হাসানের নামে।

৪. হাউস নম্বর–৫৪, রোড নম্বর–৭/এ, ধানমন্ডি, ঢাকা, আহসান অ্যাপার্টমেন্টের ৫এ ফ্ল্যাট (মূল্য আনুমানিক ২.৩০ কোটি টাকা), রেজিস্ট্রি ২০২৫ সালে, লিজা রহমানের নামে।

টাঙ্গাইল ও অন্যান্য স্থানে জমি-সম্পত্তি:

৫. দেওলাতে ১০ শতাংশ জমি, লিজা রহমানের নামে, রেজিস্ট্রি ২০২০ সালে।

৬. কোদালিয়াতে ৫ শতাংশ জমি, লিজা রহমানের নামে, রেজিস্ট্রি ২০২৩ সালে।

৭. সাবালিয়া ৩ তলা মোড় এলাকায় ৫.৫ শতাংশ জমি, লিজা রহমানের নামে, রেজিস্ট্রি ২০০৫ সালে।

৮. সাবালিয়া (আমার দক্ষিণ দুয়ার) এলাকায় ৫ শতাংশ জমি, লিজা রহমানের নামে, রেজিস্ট্রি ২০২২ সালে।

৯. সাবালিয়া (আমার কুটির) এলাকায় ৬ শতাংশ জমি, লিজা রহমানের নামে, রেজিস্ট্রি ২০১৩ সালে।

১০. বাসাইলের জশিহাটি মৌজায় ৫০ শতাংশ জমি, লিজা রহমানের নামে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদ:

১১. ব্যক্তিগত গাড়ি—টয়োটা করোলা ক্রস, ২০২৫ মডেলের; আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা।

১২. টাঙ্গাইলের পরশমণি সৈয়দ প্লাজায় ১৭০ বর্গফুটের একটি দোকান; আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

১৩. টাঙ্গাইল প্রধান ডাকঘরে পারিবারিক সঞ্চয়পত্র; আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

১৪. বিভিন্ন ব্যাংকে সঞ্চয়, এফডিআর ও ডিপিএস হিসাবে বিপুল অর্থ জমা থাকার অভিযোগ রয়েছে।

ব্যাংক হিসাবের তথ্য:

ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা—অ্যাকাউন্ট নম্বর: ১০২৫০০২৭৭৪৮৯৯।

এনসিসি ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা—অ্যাকাউন্ট নম্বর: ০০০৬০৩১০০১৯৩৪৬।

লিজা রহমানের ছেলে রবিউল হাসানের নামে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা—অ্যাকাউন্ট নম্বর: ১০২৫০০৪২৬৫৭০৮।

এ ছাড়া লিজা রহমানের কাছে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও বিদেশে সম্পদের অভিযোগ

অভিযোগকারীর দাবি, লিজা রহমানের নামে-বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের অর্থ জমা রয়েছে। এফডিআর, ডিপিএস এবং সঞ্চয়পত্রের মাধ্যমে অর্থ সংরক্ষণের তথ্যও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর ছেলের ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর একাংশের দাবি, বাসাইলের জশিহাটি গ্রামে লিজা রহমানের পৈতৃক সম্পত্তি খুব বেশি ছিল না। ফলে বর্তমানে তাঁর নামে থাকা বিপুল সম্পদের সঙ্গে পারিবারিক উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দেশের বাইরে বাড়ি থাকার প্রচারও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিদেশে সম্পত্তি থাকার বিষয়টি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারীর মতে, ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও সম্ভাব্য বিদেশি সম্পদের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে যাচাই করা হলে সম্পদ অর্জনের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন, অর্থের উৎস, সম্পদ কেনার সময় এবং আয়কর নথির সঙ্গে সম্পদের সামঞ্জস্য পরীক্ষা করার দাবি উঠেছে।

প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেশী ও স্থানীয় কয়েকজনের অভিযোগ, লিজা রহমান রাজনৈতিক নেতা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলে থাকেন। তাঁর বিরুদ্ধে কেউ সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুললে হয়রানির শিকার হতে পারেন—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, লিজা রহমানের আয়ের উৎস নিয়ে কেউ কথা বললে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয় বলে এলাকায় আলোচনা রয়েছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন। তবে এসব অভিযোগের পক্ষে স্বতন্ত্র প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগে লিজা রহমানের সহোদর বোন বন্যা রেজার সঙ্গে বিরোধ এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, পরিবারের সদস্যরা তাঁর সম্পদ ও আয়ের উৎসসংক্রান্ত বিভিন্ন তথ্য জানেন—এমন আশঙ্কা থেকেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট মামলাগুলোর নথি, বাদী-বিবাদীর বক্তব্য এবং আদালতের পর্যবেক্ষণ যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের একাংশের প্রশ্ন, বিপুল সম্পদের অভিযোগ এবং বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের দাবি থাকা সত্ত্বেও বিষয়টি এত দিন কেন যথাযথভাবে অনুসন্ধানের আওতায় আসেনি? অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে সম্পদের প্রকৃত উৎস, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব বলে মনে করছেন তাঁরা।

সম্পদের পরিমাণ ৪০ কোটি টাকা, দাবি লিজা রহমানের

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লিজা রহমান বলেন, তাঁর যেসব সম্পদ রয়েছে, সেগুলোর তথ্য আয়কর ফাইলে দেখানো আছে। শতকোটি টাকার সম্পদের অভিযোগ সঠিক নয়। তাঁর নিজের হিসাবে সম্পদের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

তাঁর কাছে বাড়ি, ফ্ল্যাট, শপিং কমপ্লেক্স, গাড়িসহ বিভিন্ন সম্পদের বিবরণ তুলে ধরে জানতে চাওয়া হয়, এত সম্পদের মূল্য কীভাবে মাত্র ৪০ কোটি টাকা হয়। জবাবে তিনি বলেন, অনেক সম্পদ ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর ঋণের পরিমাণ এখনো সম্পদের চেয়ে বেশি।

কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কত টাকা ঋণ নিয়েছেন—এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি।

পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে লিজা রহমান বলেন, বেসরকারি চাকরি থেকে সঞ্চিত অর্থ দিয়েই তিনি সম্পদ গড়েছেন। অবৈধ পথে আয় করে শতকোটি টাকার মালিক হয়েছেন—এমন অভিযোগ সঠিক নয়। জীবনে অনেক কষ্ট করে তিনি সম্পদ অর্জন করেছেন বলেও দাবি করেন।

দুদকের অনুসন্ধানে যেসব প্রশ্নের উত্তর জরুরি

লিজা রহমানের নিজের স্বীকারোক্তি অনুযায়ী সম্পদের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। অন্যদিকে অভিযোগকারীর দাবি, তাঁর নামে ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের পরিমাণ আরও বেশি হতে পারে। ফলে সম্পদের প্রকৃত মূল্য, মালিকানা, অর্থের উৎস এবং ব্যাংকঋণের দায়—সবকিছুই এখন অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বিষয়।

বিশেষ করে সরকারি চাকরিজীবী প্রকৌশলী আনোয়ারুল আজিমের বৈধ আয়, চাকরিজীবনের বিভিন্ন সময়ে অর্জিত সম্পদ, আয়কর বিবরণী, ব্যাংক লেনদেন এবং লিজা রহমানের সঙ্গে তাঁর আর্থিক সম্পর্ক যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগে উল্লিখিত সম্পদগুলোর প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য, দলিল, অর্থ পরিশোধের উৎস, ব্যাংকঋণের নথি এবং আয়কর বিবরণী যাচাইয়ের মাধ্যমে অভিযোগের সত্যতা নিরূপণ করা সম্ভব। একই সঙ্গে লিজা রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বৈধতা খতিয়ে দেখার দাবি উঠেছে।

তবে অভিযোগে উল্লিখিত কোনো সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে কিংবা আনোয়ারুল আজিম তাঁর সরকারি পদ ব্যবহার করে অর্থ উপার্জনে সহায়তা করেছেন—এমন কোনো বিষয় এখনো তদন্তে প্রমাণিত হয়নি। তাই অভিযোগের নিরপেক্ষতা ও সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় নথি পরীক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো জরুরি।

এখন দেখার বিষয়, প্রায় ৪০ কোটি টাকার সম্পদের উৎস নিয়ে ওঠা এসব প্রশ্নের উত্তর দুদকের অনুসন্ধানে কতটা পরিষ্কার হয় এবং প্রকৌশলী আনোয়ারুল আজিম ও লিজা রহমানের সম্পদের প্রকৃত চিত্র শেষ পর্যন্ত কী দাঁড়ায়। দেখার জন্য জন্য তাকিয়ে আছে গোটা নেটিজেনরা। বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। চলবে……

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।