শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে যাত্রীর গোপন স্থানে মিলল স্বর্ণের ‘ডিম’

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

পায়ুপথে লুকানো ছিল ডিম্বাকৃতির তিন প্যাকেট, উদ্ধার ১.২৯ কেজি স্বর্ণের পেস্ট। উদ্ধার স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারে অভিনব কৌশল অবলম্বনের ঘটনা ধরা পড়েছে। এবার এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ডিম্বাকৃতির তিনটি প্যাকেট। এসব প্যাকেটের ভেতরে ছিল স্বর্ণের পেস্ট।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন সংস্থাটির গোয়েন্দা কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান সমকালকে জানান, একপর্যায়ে ওই ফ্লাইটে আসা আরমান উদ্দীন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাকে সন্দেহের ভিত্তিতে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুলে পাওয়া যায় স্বর্ণের পেস্ট।

মুহাম্মদ কামরুল হাসান জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন এক হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর এসব পেস্ট থেকে আনুমানিক এক কেজি সোনা পাওয়া যেতে পারে। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় আটক যাত্রী আরমান উদ্দীন সিদ্দিককে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।