সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ দাবিতে শাহবাগে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল,জ্বালানি তেলের দাম প্রত্যাহার ও নিত্যপণ্যের মূল্য কমানোর দাবি

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ছাত্র ফেডারেশন। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখা।

রোববার সন্ধ্যা ৬টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংগঠনটির নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত মশাল মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর। তাই অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে গণশুনানির মাধ্যমে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য নির্ধারণের দাবি জানান তারা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈকত আরিফ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। হাসপাতাল ভাঙচুর, দখলবাজি ও বিভিন্ন স্থানে হামলার ঘটনায় প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং দলীয় প্রভাবমুক্ত নিয়োগের আহ্বান জানান।

ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমীন রহমান বলেন, জনগণের ওপর কর ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ না দিয়ে জ্বালানি খাতের শুল্ক-ভ্যাট কমাতে হবে। পাশাপাশি অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাড্ডা হাসপাতাল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

মহানগরের সদস্য মাহমুদ হাসান বলেন, কোনো ধরনের গণশুনানি বা জনসম্পৃক্ততা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। জ্বালানি তেলের মূল্য নির্ধারণে গণশুনানির দাবি জানান তিনি।

মোহাম্মদপুর থানার সদস্যসচিব রিয়াজ হোসেন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় চাপ পড়ছে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর। মূল্যবৃদ্ধির যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দখল ও অরাজকতা বন্ধে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দখল-চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা।

পরে নেতাকর্মীরা মশাল হাতে শাহবাগ এলাকার বিভিন্ন সড়কে মিছিল করেন। কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির নেতারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও এর প্রভাবে জনজীবনে সৃষ্ট চাপের প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।