শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদের মালিক? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান

স্টাফ রিপোর্টার
জুলাই ২৫, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মহিউদ্দিন আহম্মেদকে ঘিরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান। অভিযোগ উঠেছে, মাসিক প্রায় ৫০ হাজার টাকা বেতনের চাকরি করেও তিনি গড়ে তুলেছেন কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপন করছেন।

অনুসন্ধানে প্রাথমিকভাবে উঠে এসেছে, টাঙ্গাইল শহরে তার একটি বিলাসবহুল চারতলা বাড়ি এবং রাজধানীর শ্যামলীতে কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ। এছাড়া প্রশাসনের নজর এড়াতে তিনি ইচ্ছাকৃতভাবে দামী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন না বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অসঙ্গতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন মহিউদ্দিন আহম্মেদ। তবে অভিযোগ শুধু একজন প্রকৌশলীকে ঘিরেই নয়; বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের আরও কয়েকজনের বিরুদ্ধেও একই ধরনের অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।

বিশেষ করে বহুল আলোচিত গ্রিন হাউস প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অতিরিক্ত ব্যয় দেখানো এবং প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, বিভিন্ন কৌশলে অবৈধ সম্পদ অর্জনের পরও বিষয়গুলো কার্যত নজরদারির বাইরে থেকে যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এদিকে, সমতল মাতৃভূমি-এর পক্ষ থেকে এ বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন, সম্পদের উৎস, প্রকল্প বাস্তবায়ন এবং অভিযোগের বিভিন্ন দিক যাচাই করে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে আরও নতুন তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, উপরে বর্ণিত বিষয়গুলো বিভিন্ন অভিযোগ ও অনুসন্ধানভিত্তিক দাবি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং যথাযথ তদন্তকারী কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।